ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১৪ নভেম্বর ২০২৬
অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন
লোহাগাড়ার চরম্বায় পরিবেশ রক্ষায় মানববন্ধনে এলাকাবাসীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

‘মাটিখেকোদের রুখে দাঁড়াও, সবুজ গ্রাম রক্ষা কর’ স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা বিবিবিলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবিধ্বংসী অবৈধ ইটভাটা স্থাপন ও কৃষিজমির মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্য ওসমান গনিসহ গ্রামবাসীর ওপর হামলার অভিযোগে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারীরা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চরম্বা বিবিবিলা বিহারের সামনের চত্বরে চরম্বা বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পরিষদের আহ্বায়ক কাউছার হামিদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপদেষ্টা জানে আলম, ফৌজুল কবির, ইউপি সদস্য ওসমান গনি, ব্যবসায়ী মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, হাফেজ গোলাম মোস্তফা, মোহাম্মদ আলম ও প্রবাসী এরশাদ।

মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, এলাকায় পরিবেশবিধ্বংসী কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। বিবিবিলা গ্রামে অবৈধ ব্যবসার বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পরিবেশ রক্ষায় তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!