ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

সৃষ্টিজগতের সৌন্দর্যে মহান আল্লাহর অনন্য নিদর্শন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ১২ নভেম্বর ২০২৬
সৃষ্টিজগতের সৌন্দর্যে মহান আল্লাহর অনন্য নিদর্শন
সংগৃহীত ছবি

সৌন্দর্য মানুষের সহজাত প্রবৃত্তি। সুন্দর কিছু দেখা, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা কিংবা চারপাশের পরিবেশকে নান্দনিক করে তোলার প্রতি মানুষের স্বাভাবিক আকর্ষণ রয়েছে। ফুলের সৌরভ, নীল আকাশ, সবুজ প্রকৃতি, পাখির কলতান কিংবা প্রিয়জনের মুখের হাসি—সবকিছুতেই মানুষ সৌন্দর্য খুঁজে পায়।

ইসলামের দৃষ্টিতেও সৌন্দর্যের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি মহান আল্লাহর দেওয়া এক অনন্য অনুভূতি। যা মানুষের মনে আনন্দ সৃষ্টি করে এবং সৃষ্টিজগতের প্রতি ভালোবাসা ও মুগ্ধতা বাড়ায়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৯১)

সৃষ্টিজগতের সর্বত্র সৌন্দর্যের নিদর্শন

মহাবিশ্বের প্রতিটি সৃষ্টির মধ্যেই মহান আল্লাহর অপূর্ব সৃষ্টিশৈলীর পরিচয় পাওয়া যায়। বিশাল আকাশকে তিনি অসংখ্য নক্ষত্রের আলোয় সুশোভিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির সৌন্দর্যে সুশোভিত করেছি।’ (সুরা সাফফাত, আয়াত: ৬)

পৃথিবীতেও ছড়িয়ে রয়েছে সৌন্দর্যের অসংখ্য উপকরণ। পাহাড়-পর্বত, নদ-নদী, সবুজ বৃক্ষরাজি, শস্যক্ষেত্র, ফুল ও ফল—সবই মহান আল্লাহর সৃষ্টির অনন্য নিদর্শন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর আমি জমিনকে বিস্তৃত করেছি, তাতে স্থাপন করেছি সুদৃঢ় পর্বতমালা এবং তাতে উদগত করেছি সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদ।’ (সুরা ক্বাফ, আয়াত: ৭)

শুধু প্রকৃতি নয়, গৃহপালিত পশুর মধ্যেও আল্লাহ সৌন্দর্য সৃষ্টি করেছেন। এ বিষয়ে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আর গবাদিপশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে সৌন্দর্য, যখন তোমরা সন্ধ্যায় সেগুলোকে ফিরিয়ে আনো এবং সকালে চারণভূমিতে নিয়ে যাও।’ (সুরা নাহল, আয়াত: ৬)

মানুষের সৃষ্টিতেও রয়েছে সৌন্দর্যের অনন্য প্রকাশ। মহান আল্লাহ মানুষকে দিয়েছেন সুন্দর অবয়ব, চিন্তাশক্তি, অনুভূতি ও বিবেক। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য পৃথিবীকে আবাসস্থল এবং আকাশকে ছাদস্বরূপ করেছেন। তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন।’ (সুরা গাফির, আয়াত: ৬৪)

তাই সৃষ্টিজগতের সৌন্দর্য শুধু উপভোগের বিষয় নয়, বরং এর মাধ্যমে মহান স্রষ্টার মহত্ত্ব ও অসীম ক্ষমতা উপলব্ধি করা যায়। একজন সচেতন মুমিন প্রকৃতির সৌন্দর্য দেখে আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়ে চিন্তা করেন এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!