আমদানি বাড়লেও গতি নেই রপ্তানিতে, বাড়ছে বাণিজ্য ঘাটতি
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে দেশে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ২০ বিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে শুধু জ্বালানি আমদানিতেই ব্যয় হয়েছে সোয়া ৪ বিলিয়ন ডলার। জ্বালানি, গম, ভোজ্য তেল ও শিল্পের কাঁচামাল আমদানিতে ব্যয় বাড়লেও প্রত্যাশিত হারে বাড়ছে না রপ্তানি আয়। ফলে বড় বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আসন্ন রমজানকে কেন্দ্র করে আমদানি ব্যয় শিগগির কমার সম্ভাবনাও দেখছেন না সংশ্লিষ্টরা। এতে আগামী দিনে ডলারের বাজারে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা শুরুর পর থেকেই দেশের জ্বালানি খাত চাপে রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশকে বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে। সরকারের হিসাব অনুযায়ী, গত ৯ মাসে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় হয়েছে অন্তত ৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে সোয়া ৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০৫ শতাংশ বেশি। একই সময়ে গম আমদানি বেড়েছে ৬৬ শতাংশ। এ ছাড়া ভোজ্য তেল ও শিল্পের কাঁচামালসহ বিভিন্ন পণ্য আমদানিতেও ব্যয় বেড়েছে।
সব মিলিয়ে অর্থবছরের প্রথম তিন মাসে আমদানি ব্যয় ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে সাড়ে ১৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আন্তর্জাতিক বাজারে প্রচলিত দামের চেয়ে বেশি দামে সরকারকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার কারণে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে। এতে ডলারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
আমদানি ব্যয়ের এই ঊর্ধ্বমুখী প্রবণতা শিগগির কমার সম্ভাবনা কম। কারণ, আন্তর্জাতিক জ্বালানি বাজার এখনো স্থিতিশীল হয়নি। অন্যদিকে রমজান সামনে রেখে ১০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির শর্তও শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে আমদানির তুলনায় রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নেই। চার মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশের নিচে, যা আমদানি প্রবৃদ্ধির তুলনায় প্রায় ১১ শতাংশ পয়েন্ট কম। ফলে আমদানি ব্যয় মেটাতে ডলারের চাহিদা বাড়ছে। এ চাপ সামাল দিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মনে করেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বিনিময় হার ব্যবস্থাপনায় কিছুটা নমনীয়তা প্রয়োজন। তাঁর মতে, রিজার্ভ থেকে আর ডলার বিক্রির সুযোগ সীমিত। তাই বিনিময় হারে কিছুটা নমনীয়তা রাখা যেতে পারে। পাশাপাশি ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, নতুন বিনিয়োগের আগ্রহ কম থাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানিও কম হচ্ছে। সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক—মূল্যস্ফীতি, লেনদেনের ভারসাম্য ও রাজস্ব পরিস্থিতির উন্নতি না হলে বেসরকারি খাতে বিনিয়োগের আগ্রহ বাড়ানো কঠিন হবে। বিনিয়োগ না বাড়লে আগামী দিনেও মূলধনী যন্ত্রপাতি আমদানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নাও দেখা যেতে পারে।
এদিকে রেমিট্যান্সের প্রবৃদ্ধি কিছুটা ইতিবাচক থাকলেও বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপ নতুন করে উদ্বেগ তৈরি করছে।