ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ অর্থনীতি ]

এক সপ্তাহে তিনবার কমল স্বর্ণের দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ১২ নভেম্বর ২০২৬
এক সপ্তাহে তিনবার কমল স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭০ টাকা কমে দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা করা হয়েছে।

এর আগে গত ৬ নভেম্বর প্রথম দফায় এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। এর আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।

এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!