আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা সম্প্রসারণের অংশ হিসেবে গত আট মাসে মোট ৩ হাজার ৪৮টি শয্যা বাড়িয়েছে সরকার। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালের শয্যাসংখ্যা বাড়ানোর এ উদ্যোগ নেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত নেওয়া সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে দেশে নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ মে ও ১৪ জুন নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, একটি মেডিকেল কলেজ হবে ঠাকুরগাঁওয়ে এবং অন্যটি নরসিংদীতে।
গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়। এতে হাসপাতালটিতে শয্যা বেড়েছে ৬০০টি।
এর আগে ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা দ্বিগুণ করা হয়। হাসপাতাল দুটির প্রতিটির শয্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়েছে।
গত ১৩ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়।
এ ছাড়া একই দিনে রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। জেলার লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাও ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। জুনে নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
গত ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। একইভাবে ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বাড়ানো হয় ৫০টি।
দেশজুড়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। পরে ১২ আগস্ট ওই সিদ্ধান্ত সংশোধন করে পর্যায়ক্রমে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার নতুন পরিকল্পনা নেওয়া হয়।
এ ছাড়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১৯টি শয্যা বাড়ানো হয়েছে।
রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। অন্যদিকে, ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করতে ১১৫টি শয্যা বাড়ানো হয়েছে।
এ ছাড়া রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া এবং ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বাসসকে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা রোগীরা যাতে শয্যা পেতে সমস্যায় না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ সম্পন্ন হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে।
সুত্র :বাসস