ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী সূর্য পূজা পালিত
পাবনার ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী সূর্য পূজা পালিত হচ্ছে । রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পুজার কার্যক্রম শুরু হয়। সূর্যদেবের উদ্দেশ্যে পূজা দিতে সহস্রাধিক নারী-পুরুষের সমাগম ঘটে।
দিনভর উপবাস থেকে বিকেলে ফুল, প্রসাদ, প্রদীপ ও পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে পুকুরপাড়ে জড়ো হন হিন্দু ধর্মাবলম্বীরা। সূর্যাস্তের আগ মুহূর্তে নারীরা কোমরপানিতে নেমে সূর্যের দিকে মুখ করে হাত জোড় করে প্রার্থনা করেন। এ সময় ডালা ও কুলায় সাজানো প্রসাদ এবং প্রদীপ নিয়ে সূর্যদেবের আরাধনা করেন তারা। সূর্যাস্ত পর্যন্ত চলে এ পূজার আনুষ্ঠানিকতা।
পূজার দ্বিতীয় দিন সোমবার (১৬ নভেম্বর) ভোরে আবারও একই পুকুরে সমবেত হন পূণ্যার্থীরা। সূর্যোদয়ের আগ মুহূর্ত থেকে কোমরপানিতে দাঁড়িয়ে শুরু হয় পূজার পরবর্তী পর্ব। সূর্যোদয়ের পর সূর্যদেবকে প্রণাম ও স্নান শেষে শরবত পানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এ আয়োজন।
পূজায় অংশ নেওয়া ভক্তরা জানান, সূর্যদেবের আরাধনার মাধ্যমে তারা নিজেদের পরিবার, দেশ ও এলাকার মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
স্থানীয়দের মতে, বৃহত্তর এ অঞ্চলের মধ্যে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে বেশ জাঁকজমকপূর্ণভাবে সূর্য পূজা উদ্যাপিত হয়ে আসছে। এ উপলক্ষে প্রতিবছরই পুকুরপাড়ে বিভিন্ন এলাকার শত শত পূণ্যার্থীর সমাগম ঘটে।