ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ ভ্রমণ ]
মস্কো থেকে বিশ্বপথে

শিয়ালদহ থেকে শেরেমেতিয়েভো—শহর দর্শন

মোহাম্মদ কামরুল হাসান
প্রকাশিত: ১২:৫৫, ১৬ নভেম্বর ২০২৬
শিয়ালদহ থেকে শেরেমেতিয়েভো—শহর দর্শন
এই শহরগুলো যেন একজন প্রবীণ দার্শনিকের মতো, কিংবা একজন অভিজ্ঞ শিক্ষকের মতো। আপনি যদি জানতে চান, তারা নীরবেই আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে—যেগুলো আপনার জীবনের পথচলায় পাথেয় হয়ে থাকবে

পর্ব-পাঁচ: 

তখনও মস্কোর পাবেলস্কি রেলওয়ে স্টেশনে ট্রেন আসতে অনেক দেরি। স্টেশনের উল্টো দিকের রাস্তা ধরে হাঁটছিলাম। কিছুদূর এগোতেই চোখে পড়ল জুতা ঠিক করার একটি ছোট দোকান। ঢুকে আমার উইন্টার বুট জোড়া রিপেয়ারের জন্য দিয়ে পাশে বসে পড়লাম।

বয়স্ক একজন রাশিয়ান ভদ্রলোক নিঃশব্দে আপন মনে কাজ করছিলেন, আর আমি বসে বসে তাঁর হাতের কাজ দেখছিলাম। এক কথা দুই কথায় আলাপ শুরু হয়ে গেল। তিনি কালের সাক্ষী—কমিউনিজম আমল থেকেই এই দোকানে কাজ করে আসছেন।

নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা হলো। নিজের স্মৃতির ভাণ্ডার থেকে অনেক গল্প তিনি তুলে ধরলেন। তাঁর কথা শুনে মনে হলো, বর্তমান সময়ে তিনি বেশ শান্তি ও সুখেই আছেন।

বাইরে ততক্ষণে বরফ পড়ছে। শীতল হাওয়া বইছে। আর আমি বসে বসে আনমনে লোকজনের যাতায়াত দেখছি। আসলে এই বড় বড় শহরগুলো আর রেলওয়ে স্টেশনগুলোর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যেমন মস্কোর পাবেলস্কি রেলওয়ে স্টেশন, তেমনি পুরাতন দিল্লির পাহাড়গঞ্জ রেলওয়ে স্টেশন, চীনের শেনঝেন কিংবা পশ্চিমবঙ্গের শিয়ালদহ রেলওয়ে স্টেশন—সবগুলোর সঙ্গেই আমার স্মৃতির আলাদা আলাদা গল্প জড়িয়ে রয়েছে।

ক্রেমলিনের ভেতরে কী আছে? কেন হলো হামলা?

বছর ত্রিশ আগের কথা। শিয়ালদহ স্টেশনে বনগাঁর ট্রেন এসে থামতেই তখন প্রায় বিকেল গড়িয়ে গেছে। ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করলাম। হাতে এতটুকু টাকাও নেই যে কোনো হোটেলে রুম  ভাড়া করে রাত কাটাতে পারি। গন্তব্য বলতে কিছু নেই—শুধু এটুকুই জানতাম, আজ রাতের জন্য একটা থাকার জায়গা খুঁজে বের করতে হবে। তারপর দরকার হবে কোনো কাজের।

বাড়ি ছাড়ার পর প্রথম কদিন কোথাও থেকেছি, কিছুদিন কাজও করেছি। সেই অভিজ্ঞতা থেকেই মনে ছিল—যদি একান্তই কোথাও জায়গা না পাওয়া যায়, তাহলে মসজিদের বারান্দায় রাত কাটানো যায়। কলকাতা শহরে মসজিদের অভাব নেই। খুঁজতে খুঁজতে একসময় রাজাবাজার এলাকায় পৌঁছে গেলাম।

চারপাশে ছোট ছোট দোকানপাট, তাদের ফাঁক দিয়ে সরু সরু গলি। এমনই এক গলির মাঝামাঝি গিয়ে পৌঁছলাম—চারদিকে পুরোনো দালান, আর মাঝখানে একটি মসজিদ। তখন ততক্ষণে এশার নামাজ শেষ হয়ে গেছে। মসজিদের বারান্দা আর আশপাশের খোলা জায়গায় অনেকেই ঘুমের প্রস্তুতি নিচ্ছে।

এটা মূলত বিহারিদের এলাকা। ঘরের রুম গুলো ছোট, অথচ পরিবারের সদস্য সংখ্যা বেশি। তাই বেশিরভাগ মানুষই রাতে খাটিয়া পেতে বাইরে ঘুমায়। যাই হোক, আমারও মসজিদের পাশেই একটা জায়গায় ঘুমানোর ব্যবস্থা হয়ে গেল।

Moscow's Sheremetyevo Airport reopens renovated Runway-1

ফজরের আজানে ঘুম ভেঙে গেল। উঠে গা-গতর ঝেড়ে ওখান থেকে বেরিয়ে দেখি রাস্তার ধারের কলগুলোতে অনবরত পানি পড়ছে, মানুষ গোসল করছে। আমিও তাদের সঙ্গে তৃপ্তির সঙ্গে গোসল সেরে একেবারে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম।

এভাবেই কলকাতার এদিক-ওদিক রাস্তায় ঘুরে, পাশের কোনো দোকানে সামান্য খাবার খেয়ে আর মসজিদের বারান্দায় ঘুমিয়ে কাটিয়ে দিলাম বেশ কয়েকটা দিন।

কলকাতায় বিশেষ সুবিধা করতে না পেরে বনগাঁ-বেনাপোল সীমান্তবর্তী একটি গ্রামে জায়গীর মাস্টার হিসেবে জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো। সারা দিন স্কুলের শিশুদের পড়াতাম, আর অবসরে বিভিন্ন জায়গা থেকে গল্পের বই সংগ্রহ করতাম। সেই বই পড়েই আমার দিন কাটত।

তবে সেখানে বেশিদিন থেমে থাকিনি। সব সময় মনে হতো—কিছুতেই শেকড় গাড়া যাবে না, সামনে এগিয়ে যেতে হবে। দেশ বিদেশ বিভিন্ন জায়গা ঘুরে  দিন মাস বছর গড়িয়ে  চলতে চলতে যে কখন আমি রাশিয়ার এক শহরে পৌঁছে গেছি, তা নিজেও ঠিক বুঝে উঠতে পারিনি। এই যাত্রাটা ছিল দীর্ঘ—কখনো খুব কষ্টের, কখনো আনন্দময়, আবার কখনো গভীরভাবে শিক্ষণীয়।

Sheremetyevo Buys Domodedovo Airport at Auction After Price Cut to $880M –  Reports - The Moscow Times

আমি বুঝেছি, প্রাচীন শহরগুলোর মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে, দেশ আলাদা হলেও আত্মা যেন একই। কলকাতা, দিল্লি, আগ্রা, মস্কো, ভোরোনেজ, বেইজিং, কুয়ালালামপুর, সিঙ্গাপুর কিংবা মক্কা-মদিনা—যেখানেই গিয়েছি, থেকেছি, সেখান থেকেই কিছু না কিছু শিখেছি।

এই শহরগুলো যেন একজন প্রবীণ দার্শনিকের মতো, কিংবা একজন অভিজ্ঞ শিক্ষকের মতো। আপনি যদি জানতে চান, তারা নীরবেই আপনাকে অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে—যেগুলো আপনার জীবনের পথচলায় পাথেয় হয়ে থাকবে।
(চলবে)

লেখক : মোহাম্মদ কামরুল হাসান পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার এবং নেশায় ভ্রমণ, তথ্যপ্রযুক্তি ও বিশ্ব রাজনীতি বিষয়ক লেখক।

মস্কো থেকে বিশ্বপথে Moscow to The World
গল্পটি/রচনাটি মোহাম্মদ কামরুল হাসানের আন্তর্জাতিক ই-বুক হিসেবে প্রকাশিত স্মৃতিকথা ‘From Moscow to The World: From Russia’s Fallen Red Dream to a New Rise & A Student’s Global Memoir’ (মস্কো থেকে বিশ্বপথে: রাশিয়ার পতিত লাল স্বপ্ন, নয়া উত্থান ও এক শিক্ষার্থীর বৈশ্বিক স্মৃতি) গ্রন্থ থেকে সংগৃহীত/সংকলিত। 
 

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!