আমেরিকায় উচ্চশিক্ষা : স্বপ্ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ
আমেরিকায় পড়াশোনা অনেকেরই স্বপ্ন। বিশ্বমানের পড়াশুনা, বিশ্ববিদ্যালয়, গবেষণা আর উন্নত জীবনের হাতছানি অনেককে টানে। কিন্তু এই স্বপ্নের পেছনে যে কঠিন বাস্তবতা আছে, সেটা অনেকেই আসার আগে জানেন না। যারা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিছু কথা খোলামেলা বলছি।
১. পড়াশোনা আর কাজ একসাথে সামলানো -
বেশিরভাগ স্টুডেন্টকেই টিউশন ফি, বাসা ভাড়া আর থাকা-খাওয়ার খরচ চালাতে কাজ করতে হয়। F-1 ভিসায় সেমিস্টার চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা ক্যাম্পাসে কাজ করা যায়। কিন্তু সত্যি বলতে, এই ২০ ঘণ্টার আয় দিয়ে টিউশন ফি আর থাকার খরচ মেটানো প্রায় অসম্ভব।
এই চাপে অনেকে ক্যাশে কাজ করেন, অর্থাৎ "আন্ডার দ্য টেবিল" কাজ। এটা আইনত পুরোপুরি অবৈধ এবং খুব বড় ঝুঁকি। ধরা পড়লে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস বাতিল হতে পারে, SEVIS টার্মিনেট হতে পারে, এমনকি দেশে ফেরত পাঠানো হতে পারে। ভবিষ্যতে OPT, H-1B বা গ্রিন কার্ডের আবেদনেও এটা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে।

তাছাড়া এসব জায়গায় প্রায়ই কম মজুরি দেওয়া হয়, আর অন্যায় আচরণ হলেও আপনার আইনি সুরক্ষা থাকে না। কয়েকশো ডলারের জন্য পুরো ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ না। তাই আসার আগেই খরচের বাস্তব পরিকল্পনা করুন: স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ (TA/RA) আর পরিবারের সাপোর্ট।
২. পড়াশোনা শেষে চাকরি পাওয়া সহজ না -
শুধু ডিগ্রি থাকলেই চাকরি হয় না। চাকরির বাজারে প্রতিযোগিতা খুব কঠিন। আপনি যদি অসাধারণ মেধাবী না হন, পড়াশোনায় মনোযোগী না থাকেন এবং বাজারে চাহিদা আছে এমন স্কিল (টেকনিক্যাল স্কিল, ইন্টার্নশিপ, প্রজেক্ট, কমিউনিকেশন) তৈরি না করেন, তাহলে চাকরি পাওয়া কঠিন হবে। প্রথম দিন থেকেই ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে।

৩. OPT-তে চাকরি পাওয়া খুবই চ্যালেঞ্জিং -
OPT-র সময়সীমা নির্দিষ্ট, আর বেকার থাকার দিনেরও একটা সীমা আছে। অনেক কোম্পানি ভবিষ্যতে স্পনসর করতে হবে ভেবে আন্তর্জাতিক স্টুডেন্টদের নিতে চায় না। আপনার নেটওয়ার্ক (প্রফেসর, অ্যালামনাই, LinkedIn, ক্যারিয়ার ফেয়ার) ভালো না হলে এবং চাহিদাসম্পন্ন স্কিল না থাকলে OPT-তে চাকরি পেতে গুরুতর সমস্যায় পড়বেন। অনেকে সময় ফুরিয়ে যাওয়ার চাপে মানসিকভাবে ভেঙে পড়েন।
৪. H-1B স্পনসরশিপ: আরেকটি বড় বাধা - �চাকরি পেলেই শেষ না। দীর্ঘমেয়াদে কাজ করতে সাধারণত H-1B ভিসা লাগে। এতে কয়েকটা বড় সমস্যা আছে:
* স্পনসর পাওয়া কঠিন: সব কোম্পানি স্পনসর করে না। এতে আইনি খরচ, সময় আর ঝামেলা থাকে, আর সাম্প্রতিক নীতির পরিবর্তনে খরচ ও প্রক্রিয়া আরও কঠিন হয়েছে।
* লটারির অনিশ্চয়তা: স্পনসর পেলেও H-1B-র সংখ্যা সীমিত, আবেদন তার চেয়ে অনেক বেশি। ফলে অনেক যোগ্য মানুষও বছরের পর বছর সিলেক্ট হন না।
* নিয়োগকর্তার ওপর নির্ভরতা: H-1B-তে আপনার স্ট্যাটাস চাকরির সাথে বাঁধা। চাকরি গেলে নতুন চাকরি খোঁজার জন্য খুব অল্প সময় পাওয়া যায়।
* নীতির অনিশ্চয়তা: ইমিগ্রেশন নীতি প্রায়ই বদলায়, তাই আগে থেকে পরিকল্পনা করাও কঠিন।
তাই STEM ডিগ্রি (এতে OPT-র মেয়াদ বেশি পাওয়া যায়, ফলে লটারিতে বেশিবার চেষ্টা করা যায়) আর এমন প্রতিষ্ঠান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, যারা স্পনসর করে বলে পরিচিত।
৫. গ্রিন কার্ড: অবিশ্বাস্য রকম কঠিন পথ, পড়াশোনা থেকে চাকরি, তারপর গ্রিন কার্ড। এই পথটা অনেক লম্বা আর ধৈর্যের পরীক্ষা।
* নিয়োগকর্তাকে সাধারণত PERM লেবার সার্টিফিকেশনের মতো জটিল প্রক্রিয়ায় যেতে হয়, যাতে অনেক সময় লাগে।
* দেশভিত্তিক কোটা আর ভিসা বুলেটিনের কারণে অপেক্ষা কয়েক বছর থেকে শুরু করে কিছু দেশের ক্ষেত্রে এক দশকেরও বেশি হতে পারে।
* এই পুরো সময়টা আপনাকে বৈধ স্ট্যাটাস ধরে রাখতে হবে। চাকরি বদলানো, কোম্পানিতে লে-অফ হওয়া, যেকোনো কিছু প্রক্রিয়াটা জটিল করে দিতে পারে।
* EB-1 বা NIW (National Interest Waiver) এর মতো বিকল্প পথ আছে, কিন্তু সেগুলোর জন্য শক্তিশালী গবেষণা, প্রকাশনা বা অসাধারণ অর্জন দরকার।
অনেকে ১০-১৫ বছর আমেরিকায় থেকেও গ্রিন কার্ডের অপেক্ষায় থাকেন। এটাই বাস্তবতা।
তাহলে কি আসবেন না? অবশ্যই আসবেন, তবে প্রস্তুতি নিয়ে!
এই লেখার উদ্দেশ্য ভয় দেখানো না, সচেতন করা। যারা সত্যিকারের স্টুডেন্ট, যাদের মেধা আছে, যারা পড়াশোনা আর ক্যারিয়ারের ব্যাপারে মনোযোগী, কঠোর পরিশ্রম করতে রাজি এবং ধৈর্য ধরতে জানেন, তাদের জন্য আমেরিকা এখনো সম্ভাবনার দেশ।
শত শত বাংলাদেশি এই কঠিন পথ পাড়ি দিয়ে আজ এখানে সফল ইঞ্জিনিয়ার, গবেষক, ডাক্তার, কনসালট্যান্ট, আর এখানেই স্থায়ী হয়েছেন।