ওরশকে সামনে রেখে হালদার চরে ভান্ডারি মুলা চাষে ব্যস্ত কৃষক
হালদা নদীর চরজুড়ে এখন শীতকালীন সবজি চাষের ব্যস্ততা। কোথাও জমি তৈরি করছেন কৃষক, কোথাও চলছে বীজ বপন, আবার কোনো জমিতে মাথা তুলে দাঁড়াচ্ছে নতুন চারা। তবে এসব ফসলের মধ্যে কৃষকদের বিশেষ আগ্রহের নাম ‘ভান্ডারি মুলা’। আকারে বড়, ওজনে দুই থেকে আট কেজি পর্যন্ত হওয়া এই মুলা ইতোমধ্যে স্থানীয়ভাবে স্বতন্ত্র পরিচিতি পেয়েছে। মাইজভান্ডার দরবার শরিফের বার্ষিক ওরশকে ঘিরে এর চাহিদা থাকায় প্রতিবছর নির্দিষ্ট সময় হিসাব করে আবাদ করেন কৃষকেরা।
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর দুই পাড়ের চরাঞ্চলে এবার ২০৭ হেক্টর জমিতে ভান্ডারি মুলা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের পাশাপাশি মিলবে আশানুরূপ দাম। গত মৌসুমে এক কানি জমিতে মুলা চাষ করে খরচ বাদে প্রায় ৮০ হাজার টাকা লাভের নজিরও রয়েছে।
কৃষকদের কাছে এই মুলা শুধু শীতকালীন সবজি নয়, বাড়তি আয়েরও একটি সম্ভাবনাময় উৎস। প্রতিবছর ১০ মাঘ মাইজভান্ডার দরবার শরিফের ওরশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থী আসেন। তাঁদের অনেকে ফেরার পথে পরিবারের সদস্য ও স্বজনদের জন্য ভান্ডারি মুলা কিনে নিয়ে যান। এ চাহিদাকে সামনে রেখেই কৃষকেরা এমনভাবে চাষাবাদের সময় নির্ধারণ করেন, যাতে ওরশের আগেই মুলা বাজারজাত করা যায়।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ফটিকছড়িতে বিভিন্ন জাতের মুলা চাষের লক্ষ্যমাত্রা ৫৫২ হেক্টর। এর মধ্যে হালদা নদীর দুই পাড়ের চরাঞ্চলে ভান্ডারি মুলার লক্ষ্যমাত্রা ২০৭ হেক্টর। নাজিরহাট পৌরসভা, সুয়াবিল ও সুন্দরপুরের হাদলাসহ বিভিন্ন চরাঞ্চলে এ মুলার আবাদ বেশি হয়।
ফটিকছড়ির ফুকছোয়াবিল এলাকার কৃষক সিধাম দাশ এক দশকেরও বেশি সময় ধরে হালদার চরাঞ্চলে শীতকালীন সবজি চাষ করছেন। এবার তিনি তিন কানি জমিতে ভান্ডারি মুলার আবাদ করেছেন। পাশাপাশি চাষ করছেন মিষ্টি আলু, বেগুন, মরিচ, টমেটো ও ধনেপাতা।
সিধাম দাশ জানান, হালদার পাড়ের জমিতে উৎপাদিত মুলার আকার তুলনামূলক অনেক বড় হয়। কোনো কোনো মুলার ওজন দুই থেকে আট কেজি পর্যন্ত হয়ে থাকে। গত কয়েক বছরে ভান্ডারি মুলা বিক্রি করে তিনি দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত পেয়েছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় চাষাবাদ করছি। এখানকার মাটিতে মুলার ফলন ভালো হয় এবং আকারেও বড় হয়। এবারও তিন কানি জমিতে মুলা লাগিয়েছি। তবে এখনো তোলার উপযোগী হয়নি। বীজ বপনের আড়াই থেকে তিন মাসের মধ্যে মুলা পরিপক্ব হয়। সে হিসাবে আরও প্রায় আড়াই মাস পর ফসল ঘরে তোলার আশা করছি।
তবে উৎপাদন ভালো হলেই যে লাভ নিশ্চিত, তা নয়। একই সময়ে বাজারে অতিরিক্ত মুলা উঠলে দাম কমে যায়। এতে লোকসানের আশঙ্কা থাকে। এ ছাড়া বর্ষার পানি ও প্রাকৃতিক দুর্যোগে চরাঞ্চলের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।
স্থানীয় আরেক কৃষক সুমন দাশের অভিজ্ঞতা অবশ্য আশাব্যঞ্জক। গত মৌসুমে এক কানি জমিতে ভান্ডারি মুলা চাষ করে প্রায় এক লাখ ৬০ হাজার টাকার মুলা বিক্রি করেন তিনি। উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে তাঁর নিট লাভ হয়েছিল প্রায় ৮০ হাজার টাকা।
সুমন দাশ বলেন, গত বছর এক কানি জমিতে মুলা চাষ করেছিলাম। সব মুলা বিক্রি করে এক লাখ ৬০ হাজার টাকা পেয়েছি। খরচ বাদ দিয়ে লাভ হয়েছিল প্রায় ৮০ হাজার টাকা।
স্থানীয়ভাবে ভান্ডারি মুলা নামে পরিচিত হলেও এটি মূলত জাপানি জাতের ‘ট্রপিক্যাল বস’ হাইব্রিড মুলা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে জাতটি ‘বারি মুলা’ নামে অবমুক্ত করা হয়েছে। হালদা নদীর চরাঞ্চলে উৎপাদিত মুলা আকারে বড় হওয়ায় স্থানীয়ভাবে এর নাম হয়েছে ভান্ডারি মুলা।
নাজিরহাট পৌরসভা ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শরীফুল আলম বলেন, নাজিরহাট পৌরসভা ও আশপাশের চরাঞ্চলে প্রতিবছর মুলার আবাদ হয়। বিশেষ করে হালদা নদীর দুই পাশের চরে এ চাষ বেশি দেখা যায়। চলতি মৌসুমে শুধু নাজিরহাট পৌরসভা ও আশপাশের এলাকায় প্রায় ২০ হেক্টর জমিতে ভান্ডারি মুলার চাষ হচ্ছে।
তিনি জানান, এবার পূর্ব ফরহাদাবাদ এলাকায়ও নতুন জমিতে মুলার আবাদ সম্প্রসারিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও মাইজভান্ডার দরবার শরিফের ২৪ জানুয়ারির ওরশকে সামনে রেখে কৃষকেরা চাষাবাদ করছেন। ওরশে আসা ভক্ত ও দর্শনার্থীদের চাহিদা পূরণে ওই সময় বাজারে পর্যাপ্ত মুলা সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
একই জাতের মুলা দেশের অন্যান্য এলাকায় চাষ হলেও হালদার চরাঞ্চলের মতো বড় আকার ধারণ করে না। স্থানীয় কৃষি কর্মকর্তাদের মতে, এখানকার মাটি ও পরিবেশের বিশেষ বৈশিষ্ট্য এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাটিতে থাকা অণুপুষ্টি উপাদান, অণুজীব এবং উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির সহজলভ্যতা মুলার আকার বৃদ্ধিতে সহায়তা করে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, ভান্ডারি মুলা মূলত জাপানি জাতের ‘ট্রপিক্যাল বস’ হাইব্রিড। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এটি ‘বারি মুলা’ নামে অবমুক্ত করা হয়েছে। তবে হালদা নদীর চরাঞ্চলের মাটি ও পরিবেশের কারণে এই জাতের মুলা তুলনামূলক বড় হয়।
তিনি বলেন, হালদার চরাঞ্চলের মাটিতে পর্যাপ্ত অণুপুষ্টি উপাদান ও অণুজীব রয়েছে। পাশাপাশি উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানও সহজে পাওয়া যায়। এ কারণে এখানকার মুলার আকার বড় হয়। কৃষকদের ভালো ফলন পেতে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা।
ভান্ডারি মুলার সবচেয়ে বড় বেচাকেনা হয় মাইজভান্ডার দরবার শরিফের বার্ষিক ওরশকে কেন্দ্র করে। ১০ মাঘ ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা এই মুলা কিনে নিয়ে যান। এ সময় দরবার শরিফের আশপাশের সড়ক ও এলাকায় বসে মুলার অস্থায়ী দোকান। ছোট-বড় নানা আকারের মুলা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন বিক্রেতারা।
কিন্তু ওরশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে মুলার চাহিদা। ফলে অনেক কৃষককে উৎপাদিত মুলা বিক্রি নিয়ে বিপাকে পড়তে হয়। চাহিদা ও সরবরাহের এই অসমতা কখনো কখনো ন্যায্য দাম পাওয়া থেকেও বঞ্চিত করে তাঁদের।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, মাইজভান্ডার দরবার শরিফের ওরশকে কেন্দ্র করেই ভান্ডারি মুলার বিশেষ বাজার তৈরি হয়েছে। তবে ওরশের পর চাহিদা কমে যাওয়ায় কৃষকদের কিছুটা সমস্যায় পড়তে হয়। এ মুলা ফটিকছড়ির কৃষকদের অর্থনৈতিকভাবে সহায়তা করছে। তাই ওরশের সময়ের পাশাপাশি স্বাভাবিক বাজারেও যেন তাঁরা উৎপাদিত মুল্যের ন্যায্য দাম পান, সে বিষয়টি গুরুত্বপূর্ণ।