অন্যের পার্সোনাল লাইফ নিয়ে আক্রমণ কেন?
লেখালেখির এই প্ল্যাটফর্মে এত কাদাছোড়াছুড়ি দেখে ঘাবড়ে যাই। পার্সোনাল অ্যাটাককে আমি ভীষণ ভয় পাই। বলা চলে, এতে আমার ফোবিয়া আছে। যখন বুঝতাম না কবিতা কী, আমি তখন থেকেই কবিতা লিখি। দু-চার লাইনের ছন্দ লিখে কী যে আত্মতৃপ্তি পেতাম, তা কেবল তারাই উপলব্ধি করতে পারবেন, যাঁরা লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু ইদানীং মনের মধ্যে এত ভয় গেঁথে গেছে, যা আর বলার অপেক্ষা রাখে না।
আমি বোধহয় সেই ছোট্ট থেকেই বই পড়ি। তখন ক্লাস ফোরে। ক্লাস টাইমে সহপাঠীরা যখন টিফিন টাইমে খেলার মাঠে দৌড় দিত, আমি তখন স্কুলের বারান্দায় বসে লাল, নীল, সবুজ রঙের বইয়ে শুঁয়োপোকার বিয়ে, জাদুর পাতা, রূপকথার গল্প, মিঞা বাড়ির শাকচুন্নি ইত্যাদি সব গল্প পড়তাম। সন্ধ্যা হলে ভাইয়া আর আপুর আনন্দপাঠ বইয়ে তোতাপাখির গল্প, আদুভাই—এসব বানান করে পড়তাম।
তারপর আরেকটু বড় হলে অপরিচিতা, শুভা—আহা! কী সে চমৎকার দিনগুলো! তখন রবীন্দ্রনাথের লেখক পরিচিতি পড়ে ভাবতাম, একটা মানুষ এত কিছু হতে পারে? কাবুলিওয়ালা গল্প পড়ে আমি সে কী কান্না করেছিলাম! তারপর একাডেমিক বইয়ের সাহিত্যপাঠে আমায় ঠেকায় কে?
স্কুলের লাইব্রেরি থেকে সংগ্রহ করলাম শরৎচন্দ্রের বই। মেঝোবউ, বড়দিদি—আরও কিসব উপন্যাস। ক্লাস নাইনে এসে চোখের বালি, মেমসাহেব, প্যারাডক্সিক্যাল সাজিদ—আরও কত সব বই।
তারপর পুরোদমে পড়া শুরু করলাম। সাহিত্য সম্পর্কে জানলাম। লেখকরা ভালো মনের হয়, যারা বই পড়ে তারা বিনয়ী হয়—এসব মাথায় ঢুকিয়ে নিলাম।
কিন্তু এখনকার পরিস্থিতি?
নতুন লেখক/লেখিকাদের যেভাবে ব্লেম করা হচ্ছে, তাতে ভীষণ ভয় হয়। পড়া আর লেখা—দুটোর আগ্রহই যেন হারিয়ে ফেলছি। একটা বইয়ের পাতা কতদিন উল্টে-পাল্টেও শেষ করতে পারছি না।
এই যে ইলমা বেহরোজের পদ্মজা উপন্যাসের কথা বলি। নতুন লেখকদের বই আমি পড়ি না। আমি কখনো জাজও করতে পারি না। তবে ফ্যান্টাসি হিসেবে পদ্মজা উপন্যাসটা পড়েছিলাম।
ব্যক্তিগতভাবে আমারও ভালো লাগেনি। তবে অন্যদের মতো আর যাই হোক, মেয়েটা ভীষণ সংযতভাবে উপন্যাসটা লিখেছে। এতে কারও খারাপ হয়েছে বলে আমার মনে হয়নি।
তবে মেয়েটা উপন্যাসটা লিখে কী পরিমাণ মানসিক বাধা সহ্য করেছে, তা একটু চোখ-কান খোলা রাখলেই বোঝা যায়।
উনি ওনার পার্সোনাল লাইফে খুবই হ্যাপি। ওনার ফ্যান্টাসি একটু বেশি হবে, এটা স্বাভাবিক।
মেয়েদের ক্ষেত্রে তো স্বাভাবিকই। তবে কিছু পাঠক আর রিভিউয়াররা তাঁর বই নিয়ে সমালোচনা করতে গিয়ে তাঁকে পার্সোনালি যে অ্যাটাক করেন, এটা খুবই বাজে লাগে আমার কাছে। ইভেন, সব ক্ষেত্রেই।
আচ্ছা, আপনারা যাঁরা সমালোচনা করেন, তাঁরা পার্সোনালি কেন অ্যাটাক করেন, একটু বলবেন?
দিন দিন মানুষ না হয়ে কেন অমানুষ হচ্ছেন?
আর অন্যের পার্সোনাল লাইফ নিয়ে আপনাদের এত উত্তেজনা কেন, একটু জানাবেন?
মনোবিজ্ঞানীদের মতে, এটি একটি জটিল আচরণ, যার পেছনে কাজ করে একাধিক মানসিক ও সামাজিক কারণ। অন্যের পেছনে লাগা, বাধা দেওয়া, অপবাদ ছড়ানো বা শত্রুতামূলক আচরণ মূলত হীনমন্যতা, ঈর্ষা, সামাজিক তুলনা, পূর্ব অভিজ্ঞতার প্রতিশোধ, গোষ্ঠীগত বিদ্বেষ এবং নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকে তৈরি হতে পারে।
অনেক ক্ষেত্রে বুলিং বা বিদ্রূপের মাধ্যমে অন্যকে মানসিকভাবে দুর্বল করার প্রবণতাও দেখা যায়। এসব কথা বলেছেন- হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সাইকোলজিস্ট ও টিম ম্যানেজার নাঈমা ইসলাম অন্তরা।
মানুষ কেন অন্যের পেছনে লেগে থাকে?
মানুষের জীবনে সমালোচনা, হিংসা, অকারণ বিরক্ত করা কিংবা কারও পেছনে লেগে থাকার ঘটনা খুবই সাধারণ। কিন্তু কখনো ভেবে দেখেছেন— মানুষ এমনটা কেন করে?
অনেক সময় যারা অন্যের পেছনে লেগে থাকে, তাদের ভেতরে থাকে অদৃশ্য কিছু অপূর্ণতা, হীনমন্যতা বা মানসিক অশান্তি। তারা নিজের জীবনে শান্তি খুঁজে না পেয়ে অন্যের জীবন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে।
এর কিছু সাধারণ কারণ:
হিংসা ও ঈর্ষা
কারও সফলতা, জনপ্রিয়তা বা ভালো অবস্থান অনেকের সহ্য হয় না। তাই তারা সমালোচনা বা বিরক্ত করার মাধ্যমে নিজের অস্বস্তি কমাতে চায়।
নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণের চেষ্টা
কিছু মানুষ অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। এতে তারা সাময়িক আত্মতৃপ্তি পায়।
অতিরিক্ত কৌতূহল ও নেতিবাচক মানসিকতা
অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আগ্রহ অনেক সময় অসুস্থ মানসিকতার লক্ষণ হতে পারে।
অভ্যাসগত সমালোচনা
কিছু মানুষ সবকিছুতেই ভুল খুঁজতে অভ্যস্ত। তারা প্রশংসার চেয়ে সমালোচনায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে।
নিজের জীবনে অপূর্ণতা
যাদের নিজের জীবনে লক্ষ্য বা শান্তি কম থাকে, তারা অন্যের জীবন নিয়েই বেশি ব্যস্ত থাকে।
কী করা উচিত?
- অযথা তর্কে না জড়ানো
- নিজের কাজ ও উন্নতিতে মনোযোগ দেওয়া
- নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা
- ধৈর্য ও আত্মবিশ্বাস ধরে রাখা
- মনে রাখা — “মানুষ আপনার পেছনে লাগে তখনই, যখন আপনি তাদের নজরে আসেন।”