ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সেলিম ওসমানকে গ্রেপ্তারে পোশাক কারখানায় ডিবির অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫, ১৪ নভেম্বর ২০২৬
সেলিম ওসমানকে গ্রেপ্তারে পোশাক কারখানায় ডিবির অভিযান
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানকে গ্রেপ্তারে তার মালিকানাধীন পোশাক কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে অভিযানের সময় কারখানাটি বন্ধ থাকায় সেখানে তাকে পাওয়া যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) জেলা পুলিশের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ফতুল্লায় অবস্থিত সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ কারখানায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে।

কারখানার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাদাপোশাকে ৮ থেকে ১০ জনের একটি দল বড় একটি হাইয়েস মাইক্রোবাসে করে কারখানার প্রধান ফটকে আসে। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন।

পরে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের বিষয়ে জানতে চান তারা। আনসার সদস্যরা জানান, ছুটি হওয়ায় প্রায় এক ঘণ্টা আগেই কারখানার শ্রমিকেরা চলে গেছেন। ভেতরেও কেউ নেই। এরপর ডিবি সদস্যরা কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরে সেলিম ওসমান ফতুল্লায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে মাঝেমধ্যে যাতায়াত করেন বলে আলোচনা চলছিল। বৃহস্পতিবার তার কারখানায় আসার তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তবে তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি সেলিম ওসমানকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। তার অবস্থান নিশ্চিত হওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এর আগেও ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লা থানা-পুলিশ অভিযান চালিয়েছিল। তবে ওই সময়ও তাকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমান তার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর ২০১৪ সালে উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও একই আসন থেকে জয়ী হন তিনি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমান নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্য ও তাদের সহযোগীরা আত্মগোপনে চলে যান। শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে সেলিম ওসমান এখনো দেশে রয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।

সম্প্রতি ওসমান পরিবারের সদস্যদের গ্রেপ্তারের দাবি আবারও জোরালো হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় শ্রমিক আন্দোলন নিয়ে বক্তব্য দিতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল আমিন অভিযোগ করেন, সেলিম ওসমান ফতুল্লায় এসে তার কারখানা তদারকি করছেন। তার এ বক্তব্যের পর সেলিম ওসমানের অবস্থান এবং ব্যবসাপ্রতিষ্ঠানে যাতায়াত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!