ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

৬০০ কোটি টাকায় বঙ্গোপসাগরে স্যাটেলাইট বসানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৫, ১৪ নভেম্বর ২০২৬
৬০০ কোটি টাকায় বঙ্গোপসাগরে স্যাটেলাইট বসানোর উদ্যোগ
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। এ ব্যবস্থার মাধ্যমে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।

বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই বিস্তৃত জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে পুরো সমুদ্রসীমায় নিয়মিত নজরদারি চালানো এখনো বড় চ্যালেঞ্জ।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামুদ্রিক নৌযানসংক্রান্ত তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। একই সঙ্গে বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।

বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি করা হয়েছে।

প্রস্তাবিত নতুন ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একবার পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও সেটি পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে।

এতে সমুদ্রের কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোন নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে—এসব তথ্য বিশ্লেষণ করা সম্ভব হবে। পাশাপাশি অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরিতেও সহায়তা মিলবে।

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে এ স্যাটেলাইটভিত্তিক নজরদারি সেবা চালুর লক্ষ্য রয়েছে।

জেলেদের নিরাপত্তা ও উদ্ধার তৎপরতায় বাড়বে সক্ষমতা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কবলে পড়েন জেলেরা। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক সময় নিখোঁজ নৌযান খুঁজে বের করতে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়।

প্রস্তাবিত প্রযুক্তি চালু হলে উপকূল থেকে দূরে অবস্থান করলেও এআইএস সুবিধাসম্পন্ন নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে নৌবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর অভিযান পরিচালনা সহজ হবে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করা গেলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

মৎস্যসম্পদ ব্যবস্থাপনাতেও কাজে লাগবে নজরদারির তথ্য

স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রমের দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য বিশ্লেষণ করে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ তথ্যভাণ্ডার গড়ে তোলা যাবে।

এ ধরনের তথ্য মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করে ভবিষ্যতে কার্যকর পরিকল্পনা নেওয়া সম্ভব হবে।

তবে এআইএস প্রযুক্তির কাজ সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা নয়। এর মূল উদ্দেশ্য নৌযানের পরিচয় ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোথায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রং, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়। এ ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়।

অর্থাৎ, এআইএস জানাবে কোনো নৌযান কোথায় রয়েছে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি জানাবে কোন এলাকায় মাছ পাওয়ার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে এসব তথ্য সমন্বিতভাবে ব্যবহার করা গেলে বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যভিত্তিক মৎস্য ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে কোনো নৌযান দুর্ঘটনা বা দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।

মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট ও সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তার ভাষ্য, এটি শুধু প্রযুক্তিগত উদ্যোগ নয়; বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি নৌযানের চলাচল ও মৎস্য আহরণের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এ প্রযুক্তি ভূমিকা রাখবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!