সিরাজগঞ্জে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
শরতকে বিদায় দিয়ে শুরু হয়েছে হেমন্ত। দরজায় কড়া নাড়ছে শীত। শীত নিচ্ছে শান্ত-নীরব রূপ। ফসলের ক্ষেতসহ ঘাসে শিশির এঁকে দিচ্ছে শীতের চিহ্ন।
তাই ঠান্ডা নিবারণে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে মানুষেরা। সিরাজগঞ্জে প্রতিটি উপজেলার লেপ-তোষক তৈরির কাজ শুরু হয়েছে। ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক তৈরির কারিগররা। দোকানগুলোতে দেখা যায় মালিক শ্রমিক লেপ-তোষক সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন। আর শীতের শুরুতেই ক্রেতারা দোকানের পছন্দ মতো লেপ-তোষক তৈরির অর্ডার দিয়ে চলেছেন।
অন্যদিকে জেলার প্রত্যন্ত অঞ্চলে রিকশা-ভ্যানে লেপ-তোষক বিক্রেতাদের কানফাটা চিৎকার মা-বোনেরা ন্যাপ তোষক নিবেন নাহি। এই অনুভূতিই সবাইকে শীত নিবারণে প্রস্তুত হওয়ার তাগিদ দিচ্ছে ।
প্রতিটি ৪-৫ হাত লেপ ১৫শ থেকে ১৬শ টাকা, তোষক ১৬শ থেকে ২ হাজার এবং জাজিম সাড়ে ৩ হাজার-৪ হাজার টাকা পর্যন্ত খুচরা বিক্রি করা হয় বলে জানান দোকানিরা। তারা বলেন, বর্তমানে প্রতি কেজি কালো ব্লেজার তুলার দাম ৪৫-৪৬ টাকা, কালারিং তুলা ৫০-১৬০ টাকা, শিমুল ৫০০- সাড়ে ৫শ টাকা, সাদা তুলা ১২৫-১৩৫ টাকা ও কাপাশ তুলা-২৫০-৩০০ টাকা করে বিক্রি হয়।
শহরের এমএ মতিন সড়ক, কালিবাড়ি, খলিফা পট্টি, জুবলি রোড, মৌসুমি সিনেমা হল মোড়ের লেপ তোষকের দোকানে বিক্রি হচ্ছে। লেপ-তোষকের দোকানে আসা চর বন বাড়িয়া গ্রামের মরিয়ম বেগম বলেন, ঠান্ডা আসছে তাই পুরাতন লেপের কাপড় বদলে লেপ তৈরী করে নিচ্ছি।
শহরের কালিবাড়ি ও কামারখন্দ জামতৈল বাজারের হানিফ বস্ত্রালয়ের লেপ-তোষক তৈরীর কারিগর আব্দুল সাইফুল, রতন, রওশন, মান্নান জানায়, শীত শুরু হতে না হতেই কর্মব্যস্ততা বেড়ে গেছে। তারা ৪-৫ হাত লেপের মজুরি ৩৫০-৪০০ টাকা, ৫-৬ হাত লেপের মজুরি ৪০০-৫০০ টাকা দেয়। তোষকের মজুরি দেয় ৪৫০-৫০০ টাকা। সারাদিনে ৬-৭টি লেপ তৈরী করতে পারি।
লেপ তোষক তৈরী করে যে মজুরি পাই তা দিয়ে আমরা আমাদের ছেলে মেয়ে পড়াশোনাসহ সংসারের অন্যান্য খরচ চালাই। প্রতিটি দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় আমাদের দুর্বিসহ জীবনযাপন করতে হচ্ছে বলেও জানান কারিগরেরা।
ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হতদরিদ্র মানুষের গায়েই সবার আগে কামড় বসায় শীত। তাই আগেভাগে তারা শীতবস্ত্র কিনতে চলে আসেন। শহরের মৌসুমি মার্কেট, খলিফা পট্টি, কামারখন্দের জামতৈল বাজার, কাজিপুরে সোনামুখি বাজার, উল্লাপাড়া, বেলকুচি, শাহজাদপুর, রায়গঞ্জ ও তাড়াশে বিভিন্ন বাজারে বাজারের লেপ-তোষক সেলাইয়ের কাজ চলছে দিনভর। বেলকুচির মোকন্দগাতি বাজারে দোকানদার সবুর শেখ, হাসমত শহরের ১ নং খলিফা পট্টির দোকান মালিক হাবিবুর রহমান বলেন, অতীতে লেপ-তোষকের ব্যাপক চাহিদা থাকলেও প্রকারভেদে একটি লেপ বিক্রি হয় দুই হাজার থেকে আড়াই হাজার টাকা।
উল্লেখ্য উপজেলা হাট বাজারের বিভিন্ন সাইজের লেপ-তোষক ক্রয় করে তাড়াশ, রায়গঞ্জসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রামগুলোতে ভ্যানে করে নিয়ে বিভিন্ন সাইজের লেপ-তোষক বিক্রি শুরু হয়েছে। বিক্রি ভালো হয় বলে জানায় ভ্যানচালক ও লেপ-তোষক-বালিশ বিক্রেতা এন্তাজ আলী।
৮০ বছরের বৃদ্ধ আসমা বেওয়া ও ছেলের বউ সাহেদা খাতুন (৩২) নিজেদের পুরোনো ব্যবহারি কাঁথা সেলাই করে নিচ্ছেন। লেপ-তোষক বানানোর ক্ষমতা তাদের নেই। তাই পুরোনো কাঁথাকে মেরামত করে ব্যবহার উপযোগী করছেন তারা। তারা জানান, আমরা গরিব মানুষ বাবা, নুন আনতে পান্তা ফুরায় আর গায়ে দেওয়া লেপ বানামু কি ভাবে। আমরা খেটে খাওয়া মানুষ আমাগোরে ঠান্ডাও কম নাগে।
বিভিন্ন দামের দেশি বিদেশি কম্বল বাজার দখল করে নেয়ায় অতীতের শীত বস্ত্র লেপ কাঁথা আজ বিলুপ্তির পথে বলে জানায় সচেতন মহল।