ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে পরীক্ষা ও ইনস্যুলিন বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ১৪ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে পরীক্ষা ও ইনস্যুলিন বিতরণ
সিরাজগঞ্জ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সমিতির আয়োজনে র‌্যালি। ছবি: ডেইলি বাংলাদেশ

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ইনস্যুলিন বিতরণ ও চিকিৎসাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ ডায়াবেটিস সমিতির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সমিতির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. আরমান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক হাসান বুলবুল, ডায়াবেটিস বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. মীর শাখাওয়াত আলী, ডা. একেএম জিয়াউর কবীর, ডা. এহিয়া সরকার এবং নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার বাড়ছে। এসব খাবার ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাই ডায়াবেটিসকে অবহেলা না করে শুরু থেকেই সচেতন হওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত হাঁটাচলা, সুষম খাদ্য গ্রহণ এবং সুশৃঙ্খল জীবনযাপন জরুরি। পাশাপাশি রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানো ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!