শ্রীবরদীতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ডপসের মাঠ বৈঠক
শেরপুরের শ্রীবরদী উপজেলার ঘোরজান গ্রামে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখা, ঝরে পড়া রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাঠ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) এ মাঠ বৈঠকের আয়োজন করে।
বৈঠকে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
.png)
এ সময় ডপসের নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নৈতিকতা চর্চা এবং মাদকসহ সব ধরনের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানান।
মাঠ বৈঠক শেষে বিভিন্ন শ্রেণির ৯৫ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, বিদ্যালয়মুখী রাখা এবং মাদক ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।