ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে আগুনে পুড়ল চার পরিবারের ঘর, ক্ষতি ১৬ লাখ টাকা

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে আগুনে পুড়ল চার পরিবারের ঘর, ক্ষতি ১৬ লাখ টাকা
আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়। ছবি: ডেইলি বাংলাদেশ।

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৬ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের শেষভাগে একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরিবারের সদস্যরা ঘর থেকে কোনো মালামাল বের করে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।

Advertisement

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন আরও ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় আশপাশের বসতঘরগুলো।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, মোছা. হাসিনা বেগমের প্রায় ৫ লাখ টাকা, মো. শফিকুল ইসলামের ৮ লাখ টাকা, মো. সমেজ উদ্দিনের ৫ লাখ টাকা এবং মো. মুফাজ্জল মিয়ার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে তাদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, ভোর ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!