ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জাভেদ ওমরের ব্যাপারে কিছুই জানে না বিসিবি!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৪, ২১ এপ্রিল ২০২০
জাভেদ ওমরের ব্যাপারে কিছুই জানে না বিসিবি!
বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন -ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। এরইমধ্যে ক্রিকেট পাড়ায় শোনা যায়,বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমকে ভবিষ্যতে জাতীয় দলের কোনো দায়িত্ব দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এমন কোনো নির্দেশনা পাওয়ার কথা অস্বীকার করেছে বিসিবি! 

চলতি বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী ক্রিকেট বিশ্বকাপে দলের ভেতরের খবর বাইরে পাচার করেছেন জাভেদ ওমর। আগের কয়েকটি সিরিজ সহ সেই বিশ্বকাপে তিনি নারী দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই নিয়ম ভঙ্গ করায় ভবিষ্যতে টিম সংশ্লিষ্ট কোনো দায়িত্ব দিতে নিষেধ করেছে আইসিসি।

বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন। মিডিয়ায় খবরটি বোর্ডেরই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার মাধ্যমে এসেছে বলা হলে সেই খবরের সূত্র কী বা কোথায় জানতে চান তিনি। 

Advertisement

নিজামউদ্দীন চৌধুরী বলেন, 'বিসিবির প্রধান নির্বাহী হওয়ার কারণে আইসিসির কোন নির্দেশ, নিষেধাজ্ঞা বা পরামর্শ তো আমার কাছেই আসার কথা। কখনো কখনো তা বোর্ড প্রেসিডেন্টের (নাজমুল হাসান পাপন) কাছে আসে। যদি তাই আসতো, তাহলেও আমি জানতাম। তিনি আমাকে জানাতেন, কিন্তু তিনিও কিছু বলেননি। কাজেই বলা যায় বিসিবি এখনো আইসিসির কাছ থেকে এমন কোন নির্দেশনা পাইনি’।

বিসিবি সিইও আরো বলেন, ‘আইসিসি থেকে সত্যি এমন কোনো পরামর্শ বা নির্দেশনা এলে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলতাম। কিন্তু যেহেতু আইসিসি থেকে আমরা এমন নির্দেশনা পাইনি সুতরাং এমন খবরে জাভেদ ওমরের ব্যাক্তিগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কোনভাবেই কাম্য নয়’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!