জাতিসংঘে নতুন জোট গঠনের প্রস্তাব দিলেন রুহানি
পারস্য উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি নয়া জোট গঠনের প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে দেয়া ভাষণে তিনি এ প্রস্তাব রাখেন।
এ সময় তিনি বলেন, আমি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ঘটনাবলীতে জড়িত সব দেশকে নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব করছি যার নাম হতে পারে ‘কোয়ালিশন অব হোপ’ বা ‘প্রত্যাশার জোট’।
.png)
হাসান রুহানি বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ, রক্তপাত, আগ্রাসন, ধর্মীয় উগ্রতা ও জঙ্গিবাদের আগুনে জ্বলছে এবং এই আগুনের সবচেয়ে বড় শিকার হচ্ছে ফিলিস্তিনি জাতি। ফিলিস্তিনের স্বাধিকার আন্দোলন থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এই আগুন জ্বালানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল মিলে ‘ডিল অব সেঞ্চুরি’ নামের যে পরিকল্পনা প্রণয়ন করেছে তা অবশ্যই ব্যর্থ হবে।
ইরানের ওপর গত প্রায় দেড় বছরের মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি এমন একটি দেশ থেকে এসেছি যে দেশের জনগণ গত দেড় বছর ধরে ইতিহাসের নিষ্ঠুরতম অর্থনৈতিক সন্ত্রাসবাদের শিকার। মার্কিন সরকার নিষেধাজ্ঞা ও হুমকির মাধ্যমে ইরানি জনগণকে বিশ্ব অর্থনীতির সুবিধা থেকে বঞ্চিত রাখার চেষ্টা করার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহার করে আন্তর্জাতিক দস্যুবৃত্তি চালু করেছে।
জাতিসংঘে দেয়া ভাষণে তিনি আরো বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইরান এখন পর্যন্ত এটি মেনে চলেছে এবং ইউরোপকে এই সুযোগ দিয়েছে যে, তারা যেন ইরানের আর্থিক ক্ষতিটি পুষিয়ে দেয়। কিন্তু আমরা ইউরোপীয়দের পক্ষ থেকে সুন্দর সুন্দর কথা শুনেছি কিন্তু তার বাস্তবায়ন দেখিনি। সূত্র:পার্সটুডে
ডেইলি বাংলাদেশ/আরএইচ