নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক।
অনুষ্ঠানে টিআইবির পক্ষ থেকে উপজেলার সরকারি দপ্তরগুলোর ওয়েবপোর্টাল পর্যবেক্ষণের ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, পর্যবেক্ষণ করা ৪০টি সরকারি দপ্তরের মধ্যে মাত্র ৮টির ওয়েবপোর্টালে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। বাকি দপ্তরগুলোর ওয়েবপোর্টালে তথ্য হালনাগাদের ক্ষেত্রে বিভিন্ন ঘাটতি রয়েছে।
.png)
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সব সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান ও উপজেলা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
আলোচনা সভায় সনাকের পক্ষ থেকে সরকারি দপ্তরের ওয়েবপোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি, মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানা প্রকাশসহ ছয় দফা সুপারিশ তুলে ধরা হয়। পাশাপাশি তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সনাক সভাপতি মো. আব্দুল ফাত্তাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম এবং সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম।
এ সময় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সনাক, এসিজি ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।