ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্ববাজারে টানা ৭ দিন কমল তেলের দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববাজারে টানা ৭ দিন কমল তেলের দাম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা সাত দিন ধরে কমছে। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দেওয়ায় তেলের দামে নতুন করে পতন হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর দীর্ঘ সময় ধরে তেলের দাম কমার রেকর্ড গড়ার পথে রয়েছে বাজার।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৪ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমে এসেছে।

Advertisement

একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৫৯ সেন্ট বা ০ দশমিক ৩৯ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হচ্ছে। এ নিয়ে টানা সাত কার্যদিবস বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল।

এর আগের সেশনে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছিল। তবে সংঘাত নিরসনে ইরানের আলোচনায় বসার প্রস্তুতির খবর আসার পর বাজারে আবারও দরপতন শুরু হয়। যদিও সংঘাত নিরসনের উপায় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

এদিকে বুধবার বিশ্ব বন্ডবাজারও মোটামুটি স্থিতিশীল ছিল। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার শূন্য দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশে উঠেছে। জ্বালানির দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এর প্রভাবে বিভিন্ন দেশের বন্ডের সুদের হারও বেড়েছে।

শিকাগো ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট অস্টান গুলসবিও চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক মূল্যস্ফীতি যদি শুধু তেলের দাম বৃদ্ধির সাময়িক প্রভাব না হয়ে দীর্ঘস্থায়ী অন্য কোনো কারণে বাড়তে থাকে, তাহলে ফেডারেল রিজার্ভকে দ্রুত ও আগ্রাসী পদক্ষেপ নিতে হতে পারে।

সূত্র: আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!