ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ এবং অপতথ্য রোধে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরে ঝালকাঠিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ওয়েব পোর্টালে তথ্য নিয়মিত হালনাগাদ ও নাগরিকদের সহজে তথ্য পাওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ সভার আয়োজন করে।

Advertisement

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল, ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাউছার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন।

সনাক সদস্য ও ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বজলুর রশিদ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, ঝালকাঠি পুলিশ সুপারের প্রতিনিধি শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার, টিআইবির এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, সনাক সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

সভায় টিআইবির পর্যবেক্ষণের তথ্য তুলে ধরে জানানো হয়, ঝালকাঠির ৬৭টি সরকারি ওয়েব পোর্টালের মধ্যে মাত্র ১০টিতে শতভাগ তথ্য হালনাগাদ রয়েছে। অন্যদিকে তিনটি ওয়েব পোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।

পর্যবেক্ষণে সরকারি দপ্তরগুলোর নোটিশ বোর্ড, খবর, কর্মকর্তা-কর্মচারী, সেবা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রে হালনাগাদের ঘাটতি উঠে এসেছে। বিশেষ করে নোটিশ ও খবরের অংশে তথ্য প্রকাশ ও হালনাগাদের প্রবণতা তুলনামূলকভাবে কম বলে সভায় জানানো হয়।

আলোচনায় তথ্য অধিকার আইন অনুযায়ী নাগরিকদের তথ্য পাওয়ার প্রক্রিয়া, তাদের অধিকার এবং সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সরকারি ওয়েব পোর্টালে নিয়মিত তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি নাগরিকদের জন্য সহজ ও দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!