ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে যুবদলের আহ্বায়কসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৭, ২২ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে যুবদলের আহ্বায়কসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ছবি- ডেইলি বাংলাদেশ


দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলসহ ঈশ্বরদীর পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে তাঁদের স্বপদে বহাল করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হোসেন আতিয়ার, শরিফুল ইসলাম রিপন, আকরুজ্জামান রাজু এবং সদস্য মতিয়ার রহমানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ এবং নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের বহিষ্কারাদেশও প্রত্যাহারের কথা জানানো হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!