ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, বিদ্যুৎহীন আড়াই লাখের বেশি বাড়ি
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে শক্তিশালী ঝড়ের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থ্যাংকসগিভিং ছুটির মধ্যেই প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও উপকূলীয় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখা দিয়েছে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশটির ২ লাখ ৬০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানা ঝড়ের প্রভাবে বিভিন্ন অঙ্গরাজ্যে গাছপালা উপড়ে পড়েছে, বন্ধ হয়েছে সড়ক ও সেতু। উপকূলীয় এলাকাগুলোতেও দেখা দিয়েছে বন্যা। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যায় শীর্ষে ছিল পেনসিলভানিয়া।
ঝড়ের তীব্রতা কমতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এদিকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও পৃথক ঝড় ও অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
বিমান চলাচলে ব্যাপক বিপর্যয়
ঝড়ের প্রভাব পড়েছে দেশটির বিমান যোগাযোগেও। শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ, যুক্তরাষ্ট্রগামী ও দেশটি থেকে ছেড়ে যাওয়া ৩ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়। বাতিল করা হয় প্রায় ৬৭০টি ফ্লাইট।
ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, থ্যাংকসগিভিংয়ের দিনও ২ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৪৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছিল।
এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। বিবিসিকে এক যাত্রী জানান, শিকাগোতে বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে টানা ১৩ ঘণ্টা আটকে থাকতে হয়েছে তাকে।
একাধিক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা
ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরুরি তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন।
প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডে একটি সেতু বন্ধ করে দেওয়া হয়। ডেলাওয়ারের সমুদ্রসৈকতে আছড়ে পড়ে বিশাল ঢেউ। সমুদ্রতীরবর্তী হাঁটার পথও পানিতে তলিয়ে যায়। ওয়াশিংটনের রিগ্যান ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতেও জোয়ারের পানি প্রবেশ করে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঝড়ের কারণে নিউইয়র্কের বার্ষিক থ্যাংকসগিভিং প্যারেডও শনিবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, শত বছরের ইতিহাসে এবারই প্রথম অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে।
প্রতিবেশী নিউ জার্সিতেও পরিস্থিতির অবনতি ঘটে। বন্যার পানিতে বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় একাধিক সড়ক ও সেতু বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অঙ্গরাজ্যটির কিছু এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতা বহাল ছিল।
বিদ্যুৎ পুনঃস্থাপনে কাজ করছে কর্তৃপক্ষ
ঝড়ের কারণে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎহীন বাড়ির সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছেছিল। শুক্রবার বিকেলেও ৩ লাখ ৬০ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ ছিল না। সন্ধ্যার দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। তখন বিদ্যুৎহীন বাড়ির সংখ্যা কমে ২ লাখ ৬০ হাজারের কিছু বেশিতে দাঁড়ায়।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সি।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত সংযোগ পুনঃস্থাপনে কাজ করছে।
অন্যদিকে, মেরিল্যান্ডে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় প্রায় ২০ লাখ গ্রাহককে শুধু জরুরি প্রয়োজনে পানি ব্যবহারের নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। তবে শুক্রবার সকালে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়।
পশ্চিম উপকূলেও বন্যার শঙ্কা
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও অস্বাভাবিক উচ্চ জোয়ার পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। চলতি সপ্তাহের শুরুতে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলসে জোয়ারের উচ্চতা ৮ ফুটের বেশি রেকর্ড করা হয়। এ কারণে উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উচ্চ জোয়ারের কারণে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় রেলপথেও বিঘ্ন ঘটে। রেলসেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার জানিয়েছে, রেলপথ প্লাবিত হওয়ার আশঙ্কায় তাদের কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
ওরেগনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অস্বাভাবিক উচ্চ জোয়ারের শক্তিশালী ঢেউয়ে এক ব্যক্তি ও একটি কুকুরকে সমুদ্রে ভেসে যেতে দেখা যায়। পরে পুলিশ জানায়, তারা দুজনই অক্ষত অবস্থায় উদ্ধার পেয়েছেন।
শুক্রবার ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল ও ওরেগনের কয়েকটি এলাকায় উপকূলীয় বন্যার সতর্কতা জারি ছিল। সান ফ্রান্সিসকো ও আশপাশের এলাকায় এ সতর্কতা রোববার পর্যন্ত কার্যকর থাকবে। জাতীয় আবহাওয়া দপ্তর বে এরিয়ার বাসিন্দাদের শনিবার পর্যন্ত সমুদ্রসৈকতে বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে সমুদ্রের পানি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঢেউয়ের দিকে পিঠ দিয়ে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সামনে আরও ঝড়ের আশঙ্কা
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান ঝড়টি শনিবার কানাডার নোভা স্কশিয়া ও নিউফাউন্ডল্যান্ডের দিকে অগ্রসর হবে। তবে সোমবার যুক্তরাষ্ট্রে আরেকটি শক্তিশালী নিম্নচাপ আঘাত হানতে পারে। এতে নতুন করে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের আশঙ্কা রয়েছে। ফলে বিমানসহ অন্যান্য পরিবহন ব্যবস্থায় আরও বিঘ্ন ঘটতে পারে।
এদিকে থ্যাংকসগিভিং ছুটিতে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীর সংখ্যাও এবার উল্লেখযোগ্য। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ছুটির সাত দিনে ৮ কোটি ১৫ লাখের বেশি মার্কিন নাগরিক নিজ বাড়ি থেকে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। ব্যস্ত এই ভ্রমণ মৌসুমে ঝড়ের প্রভাব দেশটির পরিবহন ও জনজীবনের সংকট আরও বাড়িয়ে তুলেছে।