ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বীমা প্রিমিয়াম ফাঁকিতে রাজস্ব হারাচ্ছে সরকার: অর্থমন্ত্রী
বীমা কভার নিয়ে পণ্য আমদানি করা হলেও অনেক ক্ষেত্রে পরিশোধ করা হচ্ছে না বীমা প্রিমিয়াম। এমনকি পণ্য দেশে পৌঁছানোর পরও প্রিমিয়াম না দিয়েই বীমা কভার ছেড়ে দেওয়ার ঘটনা ঘটছে।
এতে সরকার রাজস্ব হারাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে বীমা কোম্পানি। এভাবে হাজার হাজার কোটি টাকার অনিয়মের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকি বন্ধে ব্যাংক, বীমা কোম্পানি এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে তথ্য আদান-প্রদানে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি-সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ (বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন রিয়েল-টাইমে পরিচালিত হচ্ছে। বৈশ্বিক বিনিয়োগের সঙ্গে তাল মেলাতে হলে বাংলাদেশকেও দ্রুত এ ব্যবস্থায় যেতে হবে। ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যয় কমানো এবং স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন বাড়াতে এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত যেসব ব্যবস্থা দেখা গেছে, সেগুলোর বেশির ভাগই একেকটি মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থায় সীমাবদ্ধ। একটির সঙ্গে অন্যটির আন্তসংযোগ নেই। এমনকি কেন্দ্রীয় ব্যাংক ও পুঁজিবাজারের মধ্যেও প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি রয়েছে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি লেনদেনের তথ্য রিয়েল-টাইমে আদান-প্রদান হবে, নজরদারি থাকবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।’
ব্যবসার খরচ কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, শুধু একটি খাতে ব্যয় কমালে হবে না। ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সব খাতের ব্যয় কমাতে হবে। এ জন্য এনবিআরের লেনদেনের তথ্যের সঙ্গে বীমা খাত, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের আন্তসংযোগ তৈরি করা হচ্ছে।
বীমা খাতের অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ সেই বীমা কভার ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে। পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকার রাজস্ব পাচ্ছে না, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যখন এসব বিষয়ে হাত দিচ্ছি, তখন অনেক সমস্যা সামনে আসছে। শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।’
পুঁজিবাজারেও একই ধরনের স্বচ্ছতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, তালিকাভুক্ত কোম্পানি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে তথ্যের আন্তসংযোগ তৈরি করা হচ্ছে। এতে নিয়ন্ত্রক সংস্থা সব লেনদেন পর্যবেক্ষণ করতে পারবে। ব্রোকারদের যোগসাজশ, কারসাজি ও গোপন লেনদেনের সুযোগ কমবে।
অর্থমন্ত্রী বলেন, শুধু স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করলেই হবে না, ব্যবস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। সংস্কার কার্যক্রম সফল করতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদেরও সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। সরকার প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের স্বার্থে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়াও সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। কারণ ব্যবসার খরচ কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংকার নন, শেষ পর্যন্ত দেশের ১৮ কোটি মানুষ কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের সুদ ও অন্যান্য খরচ বেড়ে গেলে তা শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়। তাই লেনদেনের সময় ও খরচ কমিয়ে সাধারণ মানুষের জন্য পণ্য ও সেবা সাশ্রয়ী করাই মূল লক্ষ্য।
গভর্নর জানান, ঋণের সুদহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ঋণের বেঞ্চমার্কের সঙ্গে অতিরিক্ত সুদের সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে, যেখানে সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরও কমানোর বিষয়েও চিন্তাভাবনা রয়েছে।
বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করার উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নির্দিষ্ট সীমার বেশি বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদন ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমবে।
বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর কাজ চলছে জানিয়ে গভর্নর বলেন, এতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রেখে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে কারসাজির সুযোগ কমবে এবং বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ সহজ হবে। আগামী এক মাসের মধ্যে ব্যবস্থাটি চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আমদানি-রপ্তানির ঋণপত্র বা এলসি-সংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আন্তর্জাতিক কুরিয়ার খরচ কমবে এবং নথি এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর দীর্ঘ সময়ও বাঁচবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় নথি পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গভর্নর বলেন, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।