ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পাকিস্তানে ইকবাল-জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:২৬, ২৮ নভেম্বর ২০২৬
পাকিস্তানে ইকবাল-জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানালেন স্পিকার
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে গিয়ে দেশটির কবি ও দার্শনিক আল্লামা মুহাম্মদ ইকবালের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। এ সময় তিনি সমাধিতে ফাতিহা পাঠ করেন।

পরে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।

শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, শুক্রবার পাকিস্তানের সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে ছয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছে প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া রয়েছেন বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষে করাচিতে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরে সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকারের পক্ষে তাদের স্বাগত জানান প্রাদেশিক মন্ত্রী রিয়াজ হুসেন শাহ শিরাজি, সংসদ সদস্য জাম শাব্বির আলী খান ও মুহাম্মদ ইউসুফ বালুচ।

এ সময় পরিষদের সচিব জি এম উমর ফারুক, বিশেষ সচিব সৈয়দ হাসান আলী শাহ এবং মহাপরিচালক ইরফান আহমেদ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের এ সরকারি সফরে গেছে বাংলাদেশের প্রতিনিধিদল। সফরে সিন্ধু প্রাদেশিক পরিষদ পরিদর্শনের পাশাপাশি প্রাদেশিক নেতৃত্ব ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।

এসব বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!