ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাইছে প্রতারক চক্র
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিভিন্ন ফোন নম্বর থেকে কল, মেসেজ ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।
এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন, মেসেজ বা অন্যান্য মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।
এ কাজে +৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮ নম্বর ব্যবহার করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।