ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

অসচ্ছল নারীরা পাবেন মাসে ৩০ কেজি চাল, আবেদন শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২, ২৮ নভেম্বর ২০২৬
অসচ্ছল নারীরা পাবেন মাসে ৩০ কেজি চাল, আবেদন শুরু ১ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

দেশের অসচ্ছল ও দুস্থ নারীদের প্রতি মাসে বিনা মূল্যে ৩০ কেজি করে পুষ্টিসমৃদ্ধ চাল দেবে সরকার। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত নারীরা এ খাদ্যসহায়তা পাবেন।

২০২৭-২০২৯ চক্রে নতুন উপকারভোগী নির্বাচনের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নতুন চক্রের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২১ মাস। ২০২৭ সালের ১ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত। এ সময়ে নির্বাচিত নারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।

সরকারের অর্থবছর পরিবর্তনসংক্রান্ত সিদ্ধান্তের কারণে ভিডব্লিউবি কর্মসূচির নতুন চক্রের মেয়াদ আগের ২৪ মাসের পরিবর্তে ২১ মাস করা হয়েছে। এর মধ্যে ২০২৭-২৮ অর্থবছরের প্রথম ৯ মাস, অর্থাৎ ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত এবং ২০২৮-২৯ অর্থবছরের পরবর্তী ১২ মাস, অর্থাৎ ২০২৮ সালের ১ এপ্রিল থেকে ২০২৯ সালের ৩১ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

গত ২৬ নভেম্বর ভিডব্লিউবি সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত এ কর্মসূচির মূল লক্ষ্য গ্রামীণ দরিদ্র ও অসচ্ছল নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা।

উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করতে ইতোমধ্যে ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপ ও ডিজিটাল আবেদনব্যবস্থা চালু করা হয়েছে।

আবেদনের যোগ্যতা

কর্মসূচিতে আবেদন করতে হলে নারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং কর্মক্ষম হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে। জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।

এ ছাড়া আবেদনকারীর পরিবারের স্থায়ী বা নিয়মিত আয়ের উৎস থাকা যাবে না। পরিবারে উপার্জনক্ষম সদস্য না থাকার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী নারীরা নির্ধারিত ওয়েবসাইট ও ভিডব্লিউবি মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তাদের সহায়তায় আবেদন জমা দেওয়া যাবে।

নির্দেশনা অনুযায়ী, একটি মোবাইল নম্বর ব্যবহার করে সর্বোচ্চ ১৫টি আবেদন করা যাবে। নেটওয়ার্ক সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে অনলাইনে আবেদন করা সম্ভব না হলে মোবাইল অ্যাপের মাধ্যমে অফলাইনে আবেদন করার সুযোগ থাকবে। তবে পরবর্তী সময়ে এসব আবেদন অবশ্যই অনলাইনে এন্ট্রি করতে হবে। অনলাইনে এন্ট্রি করা হয়নি—এমন আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই শেষে ইউনিয়ন কমিটি প্রাথমিকভাবে উপকারভোগী নির্বাচন করবে। পরে উপজেলা কমিটির মাধ্যমে চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে।

নতুন চক্রের উপকারভোগী নির্বাচন ও আবেদনপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ২৬ নভেম্বর দেশের সব উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জুম প্ল্যাটফর্মে প্রচার ও অবহিতকরণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আবেদন গ্রহণ, অনলাইনে তথ্য এন্ট্রি, উপকারভোগী নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!