ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

আগামী জুন থেকে ঢাকার ১৩ অঞ্চলে পানি দেবে গন্ধর্বপুর শোধনাগার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৭, ২৮ নভেম্বর ২০২৬
আগামী জুন থেকে ঢাকার ১৩ অঞ্চলে পানি দেবে গন্ধর্বপুর শোধনাগার
সংগৃহীত ছবি

রাজধানীর ১৩টি অঞ্চলে আগামী ২০২৭ সালের জুন থেকে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করবে গন্ধর্বপুর পানি শোধনাগার। প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির দ্বিতীয় ধাপ চালু হলে সরবরাহ সক্ষমতা বেড়ে দাঁড়াবে দৈনিক ১০০ কোটি লিটারে।

যেসব এলাকায় পানি সরবরাহ করা হবে, সেগুলো হলো—বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলক্ষেত, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট এলাকা, মিরপুরের আংশিক এলাকা, উত্তরা ও মিরপুর ডিওএইচএস।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত নিরাপদ ও সুপেয় পানির জোগান দিতে আগামী জুনে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের প্রথম ধাপের কার্যক্রম চালু হবে। ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় নির্মাণাধীন এই শোধনাগারটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত।

গন্ধর্বপুর পানি শোধনাগার চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানি পাবেন। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। প্রকল্পটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ভূগর্ভস্থ পানির স্তরের ওপর চাপ কমবে।

রাজধানীতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় বিকল্প ও টেকসই পানির উৎস নিশ্চিত করতে মেঘনা নদীর পানি শোধনের এ বৃহৎ প্রকল্প নেওয়া হয়েছে।

প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ ৯০ থেকে ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরুর পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে আগামী জুনে নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে আরও ৫০ কোটি লিটার পানি যুক্ত হবে। দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার।

রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকা শহরে প্রতিদিন পানির চাহিদা ৩ কোটি ২৫ লাখ লিটার। এর বিপরীতে ভূগর্ভস্থ ও উপরিভাগের পানি মিলিয়ে ওয়াসা প্রতিদিন ২ কোটি ৯৫ লাখ থেকে ৩ কোটি ৫ লাখ লিটার সরবরাহ করে। ফলে প্রতিদিনই পানির ঘাটতি থেকে যায়।

তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ এবং ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বিবেচনায় গন্ধর্বপুর প্রকল্প নেওয়া হয়েছে। শিগগিরই নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন পানি শোধনাগারটি চালু হবে। এটি চালু হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ঢাকায় ৫০ কোটি লিটার পানি পাওয়া যাবে।

প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি শহরের মোট পানির চাহিদার মাত্র ৩০ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা উচিত। অথচ ঢাকা শহরে ৭৪ শতাংশ পানি ভূগর্ভ থেকে উত্তোলন করা হচ্ছে। অন্যদিকে, উপরিভাগের পানি বা সারফেস ওয়াটারের পরিমাণ মাত্র ২৪ শতাংশ। এ পরিস্থিতি জলবায়ু ও পরিবেশের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং ভূমিকম্পের ঝুঁকিও তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইতোমধ্যে প্রকল্প সংশ্লিষ্টরা কয়েক দফায় শোধনাগারটি পরিদর্শন করেছেন। প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম মুরাদ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করা হবে।

তিনি বলেন, এ প্রকল্প থেকে পানি সরবরাহ শুরু হলে মহানগরীর পূর্বাঞ্চলের মানুষ উপকৃত হবেন। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার ঢাকা ওয়াসার লক্ষ্য অর্জন সম্ভব হবে। শোধনাগারটি চালু হলে কয়েকশ গভীর নলকূপ বন্ধ করা যাবে বলেও জানান তিনি।

ঢাকা ওয়াসার উপপ্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, আগামী জুনে, অর্থাৎ ২০২৭ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটির কাজ শেষ হবে। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান প্রকল্পটির কাজ সরকার দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, গন্ধর্বপুর পানি শোধনাগারের প্রথম ধাপ থেকে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপ থেকেও একই পরিমাণ পানি সরবরাহ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!