ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে

পেজেশকিয়ান-আরাগচিকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬
পেজেশকিয়ান-আরাগচিকে ভিসা দিল যুক্তরাষ্ট্র
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সংগৃহীত ছবি।

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি ও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতেই তাদের ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট ও প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের অনুমতি দেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধিদলকে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

Advertisement

তবে ইরানি প্রতিনিধিদের জন্য অন্যান্য দেশের প্রতিনিধি দলের তুলনায় কিছু অতিরিক্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র জানান, ইরান থেকে সীমিতসংখ্যক প্রতিনিধিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দেশটিতে অবস্থানকালে তাদের ওপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ এবং বিলাসবহুল পণ্য কেনার ক্ষেত্রে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ এবং দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নিউইয়র্ক সফরকে ঘিরে বিশেষ কূটনৈতিক গুরুত্ব তৈরি হয়েছে।

এদিকে অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে মার্কিন প্রশাসন তাকে ভিসা দেয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদ জানিয়েছে, মাহমুদ আব্বাস সরাসরি উপস্থিত হতে না পারলেও তিনি বক্তব্যের ভিডিও পাঠালে সেটি অধিবেশনে প্রচার করা হবে।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!