বিহারে বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যু
ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যু হয়েছে। গত তিনদিনে রাজ্যের পশ্চিম চম্পারণে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিহারের পুলিশ জানিয়েছে, পশ্চিম চম্পারণ জেলায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বিষাক্ত মদপান করে ১৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মৃত্যু হয়েছে আটজনের। মৃত ব্যক্তিরা দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে মৃতদের মধ্যে আটজনের পরিবারের দাবি, তাদের স্বজনরা মৃত্যুর আগে মদই খাননি।
এ সম্পর্কে চম্পারণ রেঞ্জের পুলিশের ডিআইজি লালমোহন প্রসাদ বলেছেন, ৪০ জনের জবানবন্দি নিয়েছি আমরা। তাদের মধ্যে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যও রয়েছে। শুরুতে সবাই মদপান করার কথা অস্বীকার করে। পরে তারা মদ খাওয়ার কথা স্বীকার করেছে।
চম্পারণের জেলাপ্রশাসক কুন্দন কুমার বলেন, গত তিনদিনে প্রায় ১৬ জন রহস্যজনকভাবে মারা গেছে। যদিও তাদের পরিবার ও গ্রামবাসী মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় এজাহার দায়ের হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া