করোনাকালে বিয়ে করলেন কর্ণিয়া
করোনাকালে বিয়ে করলেন কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। সোমবার পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে। খবরটি কর্ণিয়া নিজেই জানিয়েছেন।
কর্ণিয়া বলেন, গান করতে গিয়েই নাবিলের সঙ্গে পরিচয়। এরপর আমাদের ভালো সম্পর্ক তৈরি হয়। যখন মনে হলো আমরা একে অপরের সঙ্গে সারাজীবন থাকতো পারবো, তখনই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। দুই পরিবারকে জানানোর পর তারা পাকাপাকি কথা বলে মার্চের শুরুতে বাগদানের সিদ্ধান্ত নেয়। কিন্তু করোনার কারণে সব পরিকল্পনা পাল্টে যায়। সোমবার পারিবারিকভাবে আমাদের আকদ হয়েছে।
কর্ণিয়া আরো জানান, করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে জাঁকালো আয়োজনে বিয়ের অনুষ্ঠান করবেন।
.png)
২০১২ সালে চ্যানেল নাইন-এর ‘পাওয়ার ভয়েস’ গানের প্রতিযোগিতায় রানার্স আপ হয়ে পরিচিতি পান কর্ণিয়া। এরপর নিয়মিত গান করছেন তিনি। অডিও ও প্লেব্যাকসহ বেশ কিছু মৌলিক গান করেছেন তিনি।
এদিকে কর্ণিয়ার বর নাবিল এসএস ব্যান্ডের প্রতিষ্ঠাতা। কর্ণিয়ার সঙ্গে অনেকদিন ধরেই মিউজিক করছেন। এছাড়াও তিনি আর্ক ও প্রমিথিউসসহ বেশকিছু ব্যান্ডের সঙ্গে কাজ করছেন।