সম্মানহানি হয়েছে: শাড়িকাণ্ড নিয়ে তিশার অভিযোগ
একটি শাড়ি কেনা থেকে উপহার পাওয়া- ঘটনার শুরুটা এমনই বলে দাবি অভিনেত্রী তানজিন তিশার। কিন্তু সেই শাড়িই এখন গড়িয়েছে প্রতারণার মামলায়। ২৮ হাজার ৮০০ টাকা দামের শাড়ি নিয়ে করা অভিযোগকে সরাসরি অস্বীকার করেছেন এই অভিনেত্রী। তার দাবি, শাড়িটি তিনি প্রথমে কিনতে চাইলেও পরে সংশ্লিষ্ট পক্ষের অনুরোধে সেটি উপহার হিসেবে গ্রহণ করেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা না করেই সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ তিশার।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা। সেখানেই শাড়িটি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
.png)
তিশার ভাষ্য, ভক্ত ও বিভিন্ন অনলাইন পেজ থেকে প্রায়ই উপহার পান তিনি। উপহার পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে অনেক সময় সেগুলোর ছবি বা স্টোরিও প্রকাশ করেন। আলোচিত শাড়িটির ক্ষেত্রেও বিষয়টি একইভাবে ঘটেছে বলে দাবি তার।
অভিনেত্রী জানান, শুরুতে শাড়িটি কেনার ইচ্ছা ছিল তার। পরে সংশ্লিষ্ট এক আইনজীবী তাকে ফোন করে শাড়িটি উপহার হিসেবে নেওয়ার অনুরোধ করেন। পরিচিত এক বড় বোনের মাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে প্রায় ২০ মিনিট কথা হয় তার। এরপর পারস্পরিক সুসম্পর্কের জায়গা থেকেই শাড়িটি পরে ছবি দেওয়ার কথা বলেন তিশা।
তবে এ জন্য কিছুটা সময় লেগে যায়। তিশার দাবি, ‘সোলজার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় শাড়িটি পরে ছবি তোলার সুযোগ হয়ে ওঠেনি। এমনকি ছবি দেওয়ার প্রস্তুতি হিসেবে তিনি ব্লাউজও বানিয়ে রেখেছিলেন। এর মধ্যে শাড়িটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্টোরিও দিয়েছিলেন বলে জানান তিনি।
তিশার অভিযোগ, এসব বিষয় নিয়ে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই হঠাৎ তাকে ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়। এতে তার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী।
এ ঘটনাকে নিজের ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিশা। তার ভাষ্য, ক্যারিয়ারের এমন একটি সময়ে বিষয়টি সামনে আসায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ঘটনাটির পেছনে চলচ্চিত্র অঙ্গনের কোনো বিরোধ কিংবা কারও প্ররোচনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি।
শাড়ি নিয়ে তৈরি হওয়া এই আইনি জটিলতায় নিজের অবস্থান পরিষ্কার করে তিশা বলেন, ঘটনাটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই। বরং তার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার পর সংবাদ প্রকাশ করা হলে ঘটনাটির প্রকৃত চিত্র সামনে আসত বলেও দাবি করেন এই অভিনেত্রী।
এদিকে ২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় মঙ্গলবার তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।