ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

রুহানী সালসাবিল এবার বিচারকের আসনে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রুহানী সালসাবিল এবার বিচারকের আসনে
ছবি: সংগৃহীত

উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়া রুহানী সালসাবিল একাধারে নৃত্যশিল্পী ও স্থপতিও। অনেকেই তাকে লাবণ্য নামে চেনেন। মাঝে মাঝে অভিনয়েও দেখা গেছে তাকে। তবে আপাতত অভিনয় থেকে দূরে আছেন এ উপস্থাপিকা। উপস্থাপনা, নৃত্য এবং পেশাগত কাজের ব্যস্ততার মধ্যেই সময় কাটছে তার। এর পাশাপাশি সংসার ও একমাত্র সন্তান শীর্ষকে ঘিরে এখন তার সবচেয়ে বড় ব্যস্ততা ও স্বপ্ন। ছোটবেলা থেকে নৃত্যের সঙ্গে রুহানীর পথচলা।

জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। সেই নৃত্যচর্চার ধারাবাহিকতায় এবার ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগেও জাতীয় পর্যায়ের বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন রুহানী।

বিচারকের আসনে বসার অভিজ্ঞতা তার কাছে ছিল একই সঙ্গে আনন্দ ও আবেগের। নিজের শৈশবের স্মৃতিও যেন ফিরে এসেছে এ সময়। রুহানী সালসাবিল বলেন, ‘মামনির সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসতাম প্রতিযোগিতায় অংশ নিতে। ছোটবেলায় ভরতনাট্যমের মহারথি বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেয়েছি। আজ সেই বেলায়েত স্যারের পাশের চেয়ারে বসে নাচের বিচারক হলাম। বিষয়টি আমার জন্য ভীষণ আনন্দের ও আবেগের।’

Advertisement

নিজের নৃত্যজীবনের শুরুর দিকের স্মৃতিও তুলে ধরেন রুহানী। তিনি বলেন, “আমার শিক্ষক সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে ২০১০ সালে বিটিভিতে এনলিস্টেড হওয়ার পরীক্ষায় ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ গানে নাচ করেছিলাম। এসব স্মৃতি নিয়েই স্যারের সঙ্গে অনেক কথা ও স্মৃতিচারণ করেছি।”

বর্তমান প্রজন্মের শিশুদের নৃত্যদক্ষতারও প্রশংসা করেন রুহানী। তার ভাষায়, ‘এ সময়ের বাচ্চারা আমাদের সময়ের চেয়ে আরও বেশি নাচে পারদর্শী। তাদের বিচার করা খুব কঠিন। সবার জন্য শুভকামনা রইল।’

 রুহানী জানান, ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতাও দ্রুত আয়োজন করা হবে। বিচারকের দায়িত্ব পালনের পাশাপাশি উপস্থাপনার কাজেও নিয়মিত ব্যস্ত রয়েছেন তিনি। যদিও আগের তুলনায় টেলিভিশনে উপস্থাপনার কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। বর্তমানে বিটিভিতে তার উপস্থাপনায় ‘সেলিব্রিটি শো’, একটি অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ এবং দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ প্রচার হচ্ছে। সম্প্রতি রাজধানীর রেডিসনে একটি করপোরেট অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন রুহানী। আগামী মঙ্গলবারও একটি অনুষ্ঠানে উপস্থাপনা করার কথা রয়েছে তার। এ সময় আয়োজকদের কাছ থেকে মূলত ইংরেজিতে উপস্থাপনার জন্যই বেশি ডাক পাচ্ছেন বলে জানান তিনি। পাশাপাশি বাংলায় উপস্থাপনার জন্যও নিয়মিত কাজ করছেন।

শুধু উপস্থাপনা কিংবা নৃত্য নয়, পেশায় একজন আর্কিটেক্ট হিসেবেও নিয়মিত কাজ করছেন রুহানী সালসাবিল। ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের অফিসে বসছেন, সামলাচ্ছেন পেশাগত দায়িত্ব। সব মিলিয়ে নানা পরিচয়ে নিজেকে ব্যস্ত রাখলেও তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবার।

 

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!