ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সভা, বিতর্ক

শালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৪ নভেম্বর ২০২৬
বিএনপির পরিচয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সভা, বিতর্ক
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের সালথায় নিজেদের বিএনপির নেতা-কর্মী পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে সভা করার অভিযোগ তুলেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

এনায়েত হোসেন বলেন, যারা বিএনপির পরিচয় দিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সভা করেন, তারা যেন বিএনপির দরজায় না আসেন। নিজস্ব পরিচয় ও কার্যালয়ে বসে বিএনপির রাজনীতি করার আহ্বান জানান তিনি।

এ সময় সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

যুবদল নেতা এনায়েত হোসেনের দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে আনোয়ার হোসেন বিএনপিতে যোগ দিলেও তাদের কর্মকাণ্ডে এখনো আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক ধারা দেখা যাচ্ছে। বিএনপির পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত একটি অফিসে তারা সভা করছেন। সাধারণ মানুষকে বিভক্ত করার পাশাপাশি ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন এই যুবদল নেতা।

অভিযোগের বিষয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, তার ভাই আনোয়ার হোসেন জাতীয় সংসদ নির্বাচনের আগে শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। সালথায় আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই দাবি করে তিনি বলেন, এটি মার্কেট পরিচালনার অফিস। এখানে বিএনপির অনেক নেতা-কর্মীও আসেন। তিনি নিজেও দ্রুত পদত্যাগ করে বিএনপিতে যোগ দেবেন বলে জানান। তার ভাষ্য, আগামীকাল কিংবা পরশুদিনও তিনি যোগ দিতে পারেন।

এদিকে, এনায়েত হোসেনের অভিযোগের বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/শালথা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!