ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বর্ণাঢ্য আয়োজনে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ৪ নভেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ বিশ্বাস, কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক হোসেন, সাব-রেজিস্ট্রি কর্মকর্তা শহিদুল ইসলাম, ফুড অফিসার ভক্তি পদ কর্মকার এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহার।

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সদস্য এস এম বিপুল ইসলাম।

এ সময় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সমেশ বৈরাগী ও দিলীপ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ বিএম শামীম, সাংস্কৃতিক সম্পাদক তপু শেখসহ সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকদের কাজ করতে হবে।

তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে টুঙ্গিপাড়া প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকতার বিকাশ, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে সংবাদ প্রকাশে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টিতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত ঐক্য জোরদারের পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাংবাদিক সমাজের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্র তৈরি করে।

অনুষ্ঠানে অতিথিরা টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। চার বছরের পথচলা শেষে আগামী দিনে আরও দায়িত্বশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!