ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ১১

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ৪ নভেম্বর ২০২৬
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ১১
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের ২ সহযোগী গ্রেপ্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

অনলাইনে ইলিশ মাছ বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে সক্রিয় চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। এ নিয়ে চক্রটির ১১ সদস্যকে গ্রেপ্তার করা হলো। সর্বশেষ গ্রেপ্তার দুজন চক্রের ফেসবুক পেজের প্রচারণা, পোস্ট বুস্ট ও ওয়েবসাইট তৈরির কাজে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল চট্টগ্রামের সন্দ্বীপ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (৩ নভেম্বর) সন্দ্বীপ এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহারাজ শীলের বাড়ির শ্যামল চন্দ্র শীলের ছেলে শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেউরিয়া এলাকার গোপাল মেম্বারের বাড়ির তরিত সূত্রধরের ছেলে মিঠুন সূত্রধর (২৯)।

পুলিশের দাবি, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণায় যুক্ত চক্রটির ডিজিটাল কার্যক্রমে সহযোগিতা করতেন তাঁরা। ফেসবুক পেজের প্রচারণা, বিভিন্ন পোস্ট বুস্ট এবং ওয়েবসাইট তৈরির দায়িত্বেও তাঁদের ভূমিকা ছিল।

অভিযানকালে তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, চারটি খোলা সিম, একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার পিসি উদ্ধার করা হয়। মোবাইল ফোনগুলোর মধ্যে প্রতারণার কাজে ব্যবহৃত সিমও ছিল।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, গ্রেপ্তার দুজনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

পুলিশ জানায়, এর আগে বিভিন্ন সময়ে এ চক্রের আরও নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ দুজনসহ এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

ডেইলি-বাংলাদেশ/চাঁদপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!