ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনার শ্রমিক ইউনিয়নের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ৩ নভেম্বর ২০২৬
খুলনার শ্রমিক ইউনিয়নের সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনসহ তিনজনকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের মানিকতলা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপ ও স্থানীয় বিএনপি নেতার মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ সাময়িকভাবে স্থগিত করেন।

শ্রমিকদের অভিযোগ, সোমবার রাতে ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে পুলিশ ধরে নিয়ে গেলেও কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। এমনকি তার সঙ্গে দেখা করার সুযোগও দেওয়া হচ্ছে না। আটকের কারণ জানানো এবং সভাপতির সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার দাবিতে তারা সড়কে নামেন।

বিক্ষোভ চলাকালে শ্রমিকদের একাংশ সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে পুলিশের সঙ্গে আলোচনা এবং দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের মধ্যস্থতায় অবরোধ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, তাদের ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে রাতে পুলিশ নিয়ে গেছে। কী অপরাধে তাকে নেওয়া হয়েছে, তা তারা জানেন না। তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আটকের বিষয়েও কোনো তথ্য জানানো হচ্ছে না। অপরাধ করে থাকলে তা স্পষ্ট করে জানানোর দাবি জানান তিনি।

ওই শ্রমিকের দাবি, গমভর্তি একটি ট্রাকের কাগজপত্র নিয়ে যে ঘটনা ঘটেছে, তা খাদ্য বিভাগের অন্য একটি শাখা বা সাইলো বিভাগের বিষয়। তাদের ইউনিয়নের সঙ্গে ওই ঘটনার সংশ্লিষ্টতা নেই। এ ঘটনার জেরে সভাপতিকে আটক করা হয়েছে বলে তারা মনে করছেন।

তবে পুলিশ জানিয়েছে, মানিকতলা খাদ্য গুদাম থেকে গম চুরির অভিযোগের তদন্তে আরিফ হোসেনের নাম উঠে এসেছে। এ ঘটনায় তাকে ছাড়াও সাইলোর মেশিনম্যান মেহেদী হাসান এবং এলইউ শাখার ইনভয়েস প্রস্তুতকারী মোহাম্মদ কামরুজ্জামানকে থানায় নেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সম্প্রতি মানিকতলা খাদ্য গুদাম থেকে গম চুরির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তদন্তে ইউনিয়ন সভাপতি আরিফের নাম আসায় তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে সকাল থেকে মানিকতলা খাদ্য গুদামে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ ছিল। সভাপতিকে মুক্তি না দিলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

 

ডেইলি-বাংলাদেশ/খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!