ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ৩ নভেম্বর ২০২৬
শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু
শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে শহরের ডিসি উদ্যানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বইয়ের সংগ্রহ সম্পর্কে খোঁজখবর নেন।

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে, ভ্রাম্যমাণ দোকান ও সৌখিন পাঠক বুকশপের পরিচালনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ বইমেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি হানজালা, কবি হাসান শরাফত ও সাংবাদিক কাজী মাসুম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার লেখক, পাঠক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

মেলায় মোট ১০টি স্টল রয়েছে। এসব স্টলে দেশি-বিদেশি খ্যাতিমান লেখকদের গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, ভ্রমণকাহিনি, থ্রিলার ও অনুবাদ গ্রন্থের পাশাপাশি শেরপুরের স্থানীয় লেখকদের বই স্থান পেয়েছে।

আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বই পড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় লেখকদের বইয়ের সঙ্গে পাঠকদের পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ডেইলি-বাংলাদেশ/শেরপুর/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!