খুলনায় মুড়ির প্যাকেটের বোমা বিস্ফোরণে জামায়াত নেতা আহত
খুলনায় মুড়ির প্যাকেটের বোমা বিস্ফোরণে ৬৩ বছর বয়সী এম এম মনিরুল ইসলাম নামের এক জামায়াত নেতা আহত হয়েছেন।
ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখে সেটি ভেতরে নিয়ে গিয়েছিলেন তিনি। প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। এতে তিনি আহত হওয়ার পাশাপাশি আগুন ধরে যায় ঘরের আসবাবপত্রেও।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার বসতঘরে এ ঘটনা ঘটে। মনিরুল ইসলাম স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মনিরুল ইসলাম। এ সময় বসতঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পান তিনি। কেউ ভুল করে প্যাকেটটি বাইরে রেখে গেছে মনে করে সেটি ঘরের ভেতরে নিয়ে যান। পরে মেঝেতে রাখার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহত মনিরুল ইসলামকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ঘটনার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।