চাঁদপরে লাইসেন্স ছাড়া দাঁতের মাজন তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার করে দাঁতের মাজন তৈরি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আবাসিক ভবনে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, ওয়্যারলেস বাজার ও তরপুরচণ্ডী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে তরপুরচণ্ডী এলাকায় পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের নাম-ঠিকানা যথাযথভাবে উল্লেখ না করা, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়া আবাসিক ভবনে যন্ত্রপাতি বসিয়ে দাঁতের মাজন উৎপাদন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে ‘রিফাত নিমের মাজন’ ও ‘রিয়াদ দাঁতের মাজন’ প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। প্রতিষ্ঠান দুটির মালিক তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানকালে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শহরের বিভিন্ন স্থানে ১০০ টাকায় বিরিয়ানি ও খিচুড়ি বিক্রি করা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।