কলাপাড়ায় পানির ট্যাংকে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ির পানির ট্যাংকে মোটরের সাহায্যে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল মিয়া হাওলাদার (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাল মিয়া হাওলাদার মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামের মৃত আফছের হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁড়িপাড়া গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।
নিহতের ভাতিজা যুবদল নেতা ফোরকান হাওলাদার জানান, সকালে চাচা বাড়ির পানির ট্যাংকে মোটর সংযোগ দিয়ে পানি তুলতে যান। এ সময় বৈদ্যুতিক সংযোগের তারে লিকেজ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পানিভর্তি কুয়ায় বিদ্যুৎ সংযুক্ত তারের সঙ্গে আটকে পড়েন।
তিনি আরও জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর চাচার মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। মেয়েটি রান্নাঘরে কাজ করছিলেন। পরে বাবাকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। বেলা ১১টার দিকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।