[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে নিজের মোটরসাইকেল ফেরত চাইতেই বৃদ্ধকে পিটিয়ে হত্যা
আহত করেছে ছেলেকেও
আহত ছেলে সাইফুল। ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরের কাজিরদিঘির পাড় এলাকায় নিজের মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের এক ঘুষিতে প্রাণ হারিয়েছে হোসেন মিয়া নামে ৫০ বছর বয়সি এক ব্যবসায়ী। এসময় মারধরের শিকার হয়ে নিহতের ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়।
রোববার রাতে সদর উপজেলার কাজিরদিঘীর পাড় বাজারে এই ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ছেলে সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হোসেন মিয়া কাজিরদিঘীর পাড় এলাকার সুলতান আহমেদ ভূইয়ার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি একই বাড়ির শাকিল হোসেন কিছুক্ষনের জন্য নেয়। এরপর মোটরসাইকেলটি দিবে, দিচ্ছে বলে ১৩দিন ধরে আর দেয়নি। রোববার সন্ধ্যার পর সাইফুল ইসলাম তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেল আনতে কাজিরদিঘীর পাড় বাজারে শাকিলের কাছে যায়। এসময় শাকিল হোসেন মোটরসাইকেলটি দেয়া নিয়ে তাল-বাহনা শুরু করে। এসময় দু-পক্ষের তর্কাতর্কির এক পর্যায়ে শাকিল হোসেন ও বিপ্লবসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে হোসেন মিয়া ও তার ছেলে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর হোসেন মিয়াকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। নিহত হোসেন মিয়া কাজির দিঘীর পাড় বাজারে দর্জির কাজ করতেন। আর ছেলে একই বাজারে ওষুধের ফার্মেসির ব্যবসা করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/লক্ষ্মীপুর/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!