লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত, ২ লাখ টাকা ঋণ ও চারা বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সিনিয়র সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা আর্ণ প্রকল্পের ম্যানেজার জগদীশ মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন।
এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও যুব সংগঠকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জনকারী দুই যুবকের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার যুব ঋণের চেক দেওয়া হয়। ঋণপ্রাপ্তরা হলেন উপজেলার শালবরাত গ্রামের মো. চুন্নু মোল্যা ও কোলা গ্রামের মো. নাহিদ শেখ।
এ ছাড়া যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও যুব সংগঠকদের মধ্যে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামানসহ অতিথিরা তাঁদের হাতে এসব চারা তুলে দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ জরুরি। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।