ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

কারখানা চালু রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৩১, ১ নভেম্বর ২০২৬
কারখানা চালু রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের সহিংস বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয়।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ, অবরোধ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই সব এলাকার ৩০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। শ্রমিকদের আন্দোলন পরিস্থিতির কারণে নিজের সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেন শ্রমমন্ত্রী। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রমমন্ত্রী।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!