ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]
বর্তমান স্ত্রীর দাবি

তিন বউ ছাড়া ৩০ বছরে কিছুই দেয়নি কাঞ্চন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:১৭, ২ নভেম্বর ২০২৬
তিন বউ ছাড়া ৩০ বছরে কিছুই দেয়নি কাঞ্চন
ছবি: সংগৃহীত
ত্রিশ বছরে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কিছু দেয়নি, শুধু তিনটি বউ দিয়েছে- সম্প্রতি এক পডকাস্টে স্বামী কাঞ্চন মল্লিককে নিয়ে এমন বিস্ফোরক দাবি করেছেন তার তৃতীয় স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। টালিউডের অন্যতম বহুল চর্চিত ও রঙিন দম্পতি অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে বিতর্ক আর চর্চার শেষ নেই।

পরকীয়ার অভিযোগ থেকে শুরু করে বিয়ে, বিয়ের আগের সময় থেকে শুরু করে নানা ঘটনায় বিতর্ক আর কাঞ্চন-শ্রীময়ী যেন পরস্পরের সমার্থক।

সম্প্রতি টিভি নাইন বাংলায় ‘অপ্রকাশিত’ নামে বিশেষ পডকাস্টে অতিথি হিসেবে এসেছিলেন এ তারকা দম্পতি। সেখানেই নিজেদের ব্যক্তিজীবন, দাম্পত্যের অভিজ্ঞতা এবং অতীতের একাধিক বিষয় নিয়ে খোলামেলা ও বিস্ফোরক মন্তব্য করেন দুজন। পডকাস্টের কথোপকথনে সঞ্চালকের নানা প্রশ্নের মুখোমুখি হন তারা। আড্ডার মাঝে শ্রীময়ী স্পষ্ট জানিয়ে দেন, কাঞ্চনের সঙ্গে তার প্রথম স্ত্রীর যোগাযোগ রয়েছে এখনো।

পডকাস্টের সঞ্চালক কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যকার ২৬ বছরের বয়সের পার্থক্যের প্রসঙ্গ তুলে ধরেন। রসিকতা করে বলেন, কাঞ্চনের মেয়ে হলে তিনি শ্রীময়ীর বয়সীই হতেন। এতে শ্রীময়ী হাসিমুখে জানান, তিনি বয়সে বড় ও অভিজ্ঞ পুরুষদের প্রতিই সবসময় বেশি আকৃষ্ট হন। কথোপকথনের একপর্যায়ে শ্রীময়ী রসিকতা করে কাঞ্চনকে উদ্দেশ্য করে বলেন, দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে কাঞ্চন ইন্ডাস্ট্রিকে কেবল তিনটি বউ দিয়েছেন! কাঞ্চনও বিষয়টি হালকাভাবে নেন। পরক্ষণেই মজা করে বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও বাড়ে।

প্রসঙ্গটি আসার পর স্বাভাবিকভাবেই সামনে আসে কাঞ্চনের প্রথম স্ত্রীর কথা। অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী অনিন্দিতা দাস বাংলা বিনোদন জগতের একজন অত্যন্ত পরিচিত ও দক্ষ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুর দিকেই কাঞ্চন মল্লিকের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং প্রায় সাড়ে সাত বছর ঘর করার পর ২০১০ সালে তাদের আইনি বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনের সেই তিক্ত অধ্যায় ও বিচ্ছেদ নিয়ে পরবর্তীতে খুব একটা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি; বরং প্রচারের আলো ও বিতর্ক এড়িয়ে নিজের অভিনয় ক্যারিয়ারের ওপরই বেশি ফোকাস রেখেছেন।

থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু করা অনিন্দিতা একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিক—‘গৌরী এলো’, ‘তুমি আশেপাশে থাকলে’, ‘দত্ত অ্যান্ড বৌমা’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘আনন্দী’ নাটকে কাজ করেছেন। মূলত মা বা শাশুড়িমার চরিত্রেই দর্শক দেখেছে তাকে। কাঞ্চনের প্রথম স্ত্রীর পরিচয় ছাপিয়ে একজন স্বনির্ভর অভিনেত্রী হিসেবে তিনি বিনোদন জগতে সুপ্রতিষ্ঠিত। বর্তমানে তিনি পিতা-মাতা ও নিজের পোষ্য বিড়ালকে সঙ্গে নিয়ে ব্যক্তিজীবনের মতো করে বেশ শান্তিতেই দিন কাটাচ্ছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!