ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ভারতীয় ধারাবাহিক ‘সিআইডি’-এর পরিচালক মারা গেছেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৪১, ২৭ অক্টোবর ২০২৬
ভারতীয় ধারাবাহিক ‘সিআইডি’-এর পরিচালক মারা গেছেন
সংগৃহীত ছবি

ভারতীয় ধারাবাহিক ‘সিআইডি’-এর প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ তথা বিপি সিংহ মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিকমাধ্যমে বিপি সিংহের মৃত্যুর খবর জানান পরিচালক অশোক পণ্ডিত। তিনি লেখেন, ‘দক্ষ প্রযোজক-পরিচালক বিপি সিংহজির প্রয়াণের খবর শুনে মর্মাহত। মঙ্গলবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তার কাজ আজও অনুপ্রেরণা জোগায় এবং আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’-এর সভাপতি থাকাকালীন তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল আমার।’

তিনি আরও লেখেন, ‘একজন অসাধারণ মানুষ এবং প্রিয় বন্ধু হিসেবে তাকে চিরকাল মনে রাখব। বিনোদনজগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। ২৮ অক্টোবর তার শেষকৃত্য সম্পন্ন হবে। বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।’ 

দেহরাদূনের সন্তান বিপি। তার নির্মিত ‘সিআইডি’ ভারতের দীর্ঘ সময় ধরে চলা টিভি সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম। মুম্বাইয়ের অপরাধ দমন শাখার একটি তদন্তকারী দলকে কেন্দ্র করে সিরিয়ালটি নির্মাণ করেন তিনি। ১৯৯৮ সালে প্রচার শুরু হয় ধারাবাহিকটির। অল্পদিনেই দর্শকের মন জয় করে তা। এরপর তো দুই দশকের রাজত্ব! সিরিয়ালটিতে অভিনয়ও করেছেন নির্মাতা। এতে ডেপুটি কমিশনার অফ পুলিশ শমশের সিংহ চিত্রোলের চরিত্রে মাঝে মধ্যে দেখা গেছে তাকে।

‘সিআইডি’ ছাড়াও কিছু জনপ্রিয় ধারাবাহিক নির্মাণ করেছেন বিপি সিংহ। এরমধ্যে অন্যতম ভৌতিক গল্পের ‘আহট’। এর প্রযোজক তিনি। তার অন্য কাজের মধ্যে উল্লেখযোগ্য ‘খাকি’, ‘অভয়’ এবং ‘সুপার কপস ভার্সেস সুপার ভিলেনস’।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!