টালিপাড়ার তিনকন্যা লক্ষ্মী দেবীর ওপর যে ভরসা রাখেন
গ্ল্যামার দুনিয়ার গণ্ডি পেরিয়ে অভিনয়ের পাশাপাশি সফলভাবে ব্যবসা সামলাচ্ছেন টালিউডের তিন জনপ্রিয় অভিনেত্রী রুকমা রায়, অহনা দত্ত ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সংসার ও অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিজেদের উদ্যোগ সফল করে তোলার পেছনের গল্প তুলে ধরেছেন তারা।
রুকমা রায়: টেলিভিশন নাটকের পরিচিত মুখ রুকমা রায়। তবে এই মুহূর্তে অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের শাড়ির ব্র্যান্ড চালু করেছেন তিনি। অল্প সময়ে সোশ্যাল মিডিয়ায় সেই ব্র্যান্ডের পরিচিতি তৈরি হওয়ায় বেশ খুশি এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি বরাবরই অন্য কিছু করার পরিকল্পনা ছিল তার। সেই ভাবনা থেকেই শাড়ির ব্যবসা শুরু করেন তিনি। বাঙালি নারীর সাজে শাড়ির গুরুত্ব সবসময় আলাদা। সেই ভালোবাসাকেই নিজের উদ্যোগের সঙ্গে জুড়ে নিয়েছেন রুকমা। নতুন ব্যবসা শুরু করে এত অল্প সময়ে এত ভালো সাড়া পাবেন, তা নিজেও ভাবেননি তিনি।
অহনা দত্ত: পর্দার মিশকার সঙ্গে বাস্তবের অহনা দত্তের অবশ্য বিস্তর ফারাক। বাস্তব জীবনে তিনি এখন পুরোপুরি সংসারী। সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। এই অবসরে নিজের নামে পোশাকের ব্র্যান্ড চালু করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যবসার ময়দানে নিজের পরিচিতি তৈরি করতে চান অহনা। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে তার স্বামী। ব্যবসার যাবতীয় দায়িত্ব মূলত তিনিই সামলান। অহনার ভূমিকা ক্যামেরার সামনে এসে লাইভের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ তৈরি করা।
প্রিয়াঙ্কা ভট্টাচার্য:অভিনয়ের জগতে নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য। তবে ক্যামেরার সামনে অভিনয়ই তার একমাত্র পরিচয় নয়। গত দেড় বছর ধরে ব্যবসার দুনিয়াতেও নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী। ইতিমধ্যে দুটি গয়নার সংস্থা গড়ে তুলেছেন তিনি। কলকাতা ও শিলিগুড়িসহ একাধিক জায়গায় খুলেছেন আউটলেটও।
ব্যবসায়ী পরিবারে বড় হওয়ার কারণে ছোট থেকেই ব্যবসার পরিবেশ দেখেছেন প্রিয়াঙ্কা। ফলে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা শুরু করার ইচ্ছেটাও ছিল মনে। সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে বেশি দেরি করেননি তিনি। ব্যবসার দুনিয়ায় পা রাখার বিষয়ে প্রিয়াঙ্কা জানান, তার বাবা ব্যবসায়ী।