ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

প্যারিস হিলটন কার্দাশিয়ানের জীবনীর সাক্ষাৎকার বাতিল করেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:৪০, ২৬ অক্টোবর ২০২৬
প্যারিস হিলটন কার্দাশিয়ানের জীবনীর সাক্ষাৎকার বাতিল করেন
ছবি: সংগৃহীত

লেখক জোনাথন ভ্যান মিটার কিম কার্দাশিয়ানের জীবনী লেখার জন্য প্যারিস হিলটনের সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন; কিন্তু প্রায় চার মাসে ১৭ বার আয়োজন করেও শেষ পর্যন্ত তা নেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি নিজের নতুন বইয়ের প্রচারের সময় এই তথ্য প্রকাশ করেন ওই লেখক।

'সিটিজেন কিম: দ্য ওম্যান হু ক্রিয়েটেড দ্য ফিউচার' নামের বইটি লিখতে পাঁচ বছর ধরে গবেষণা করেছেন ভ্যান মিটার। এই সময়ে কিমের ব্যক্তিগত ও পেশাগত জীবনের সঙ্গে যুক্ত অনেকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। শুরুতে প্যারিসের সঙ্গে সাক্ষাৎকারের ব্যবস্থা করতে সহায়তা করলেও পরে প্রক্রিয়াটি থমকে যায়।

দ্য হলিউড রিপোর্টারকে ভ্যান মিটার জানান, কিম প্রথমে সাক্ষাৎকারের ব্যবস্থা করতে সহযোগিতা করেছিলেন। তবে প্যারিসের দল তাকে জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলে।

লেখকের ভাষ্য, আমি প্রশ্ন পাঠিয়েছিলাম, প্যারিসের সহকারীর সঙ্গে যোগাযোগও করেছিলাম। এরপর প্রায় চার মাসে সাক্ষাৎকারটি ১৭ বার বাতিল করা হয়।

বারবার চেষ্টা করেও সাক্ষাৎকার নিতে না পারায় একপর্যায়ে বিষয়টি নিয়ে তার কৌতূহল আরও বেড়ে যায়। ভ্যান মিটার জানান, শেষ পর্যন্ত সাক্ষাৎকারের চেয়ে সেটি বারবার বাতিল হওয়ার ঘটনাই তার কাছে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।

লেখক আরও জানান, সাক্ষাৎকারের ব্যবস্থা করতে না পারার বিষয়টি কিমকে জানালে তিনি ক্ষুব্ধ হন। ভ্যান মিটারের বর্ণনায় এই ঘটনা দুই নারীর পুরোনো টানাপোড়েনের বিষয়টিকেও সামনে নিয়ে আসে।

তবে প্যারিস হিলটনের ঘনিষ্ঠ একটি সূত্র কিমের ক্ষুব্ধ হওয়ার দাবিটি অস্বীকার করেছে। তাদের ভাষ্য, ব্যস্ত কর্মসূচি ও ঘনঘন ভ্রমণের কারণে প্যারিসের এক সহকারীর মাধ্যমে সাক্ষাৎকারের আয়োজনটি বারবার ব্যর্থ হয়েছিল। কিমের প্রতি প্যারিসের কোনো বিরূপ মনোভাব এর পেছনে ছিল না।

ওই সূত্রের দাবি, কিম ও প্যারিস এখনো একে অপরের কাজকে সমর্থন করেন। ফলে সাক্ষাৎকারের আয়োজন কেন বারবার বাতিল হয়েছিল, তা নিয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

কিম কার্দাশিয়ান ও প্যারিস হিলটনের পরিচয় দুই দশকেরও বেশি পুরোনো। ২০০০-এর দশকের শুরুতে প্যারিসের সহকারী ও স্টাইলিস্ট হিসেবে কাজ করতেন কিম। পরে নিজের পরিচিতি গড়ে তোলেন রিয়েলিটি টেলিভিশন তারকা ও উদ্যোক্তা হিসেবে।

সময়ের সঙ্গে তাদের সম্পর্কের ধরন বদলালেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২০ সালে স্কিমসের একটি প্রচারাভিযানেও অংশ নেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!