সালমান খানের রেকর্ড দীপাবলিতে ভাঙতে চান প্রভাস
ইন্ডিয়ান সিনেমার বক্স অফিসে দীপাবলির উৎসবকে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার আসন্ন সিনেমা ‘স্পিরিট’ মুক্তি পাবে ২০২৭ সালের ২৯ অক্টোবর। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস। একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে তাকে।
মুক্তির তারিখ ঘোষণার পর থেকেই দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারবে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দীপাবলির বক্স অফিসে আধিপত্য ধরে রেখেছেন সালমান খান। তার অভিনীত ‘টাইগার ৩’ প্রথম দিনে আয় করেছিল ৪৪ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে, ‘প্রেম রতন ধন পায়ো’ প্রথম দিনে আয় করেছিল ৪০ কোটি ৩৫ লাখ রুপি।
দীপাবলিতে মুক্তি পাওয়া সিনেমার প্রথম দিনের আয়ের তালিকায় এগিয়ে রয়েছে এই দুটি ছবি। এবার সেই রেকর্ডে ভাগ বসানোর সম্ভাবনা তৈরি করেছে নতুন কয়েকটি বড় বাজেটের সিনেমা। বিশেষ করে প্রভাস অভিনীত ‘স্পিরিট’ ঘিরে প্রত্যাশা বাড়ছে।
পরিচালক নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ও দীপাবলির বক্স অফিসে বড় প্রভাব ফেলতে পারে। রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী অভিনীত সিনেমাটি মুক্তির জন্য নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ৫ নভেম্বর। বাণিজ্য বিশ্লেষকদের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সিনেমাটি দীপাবলিতে মুক্তি পাওয়া সর্বোচ্চ উদ্বোধনী আয়ের শীর্ষ পাঁচ ছবির তালিকায় জায়গা করে নিতে পারে। এমনটা হলে তালিকা থেকে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছিটকে যেতে পারে।
২০২৭ সালের দিকে তাকালে ‘স্পিরিট’ নিয়েও প্রত্যাশার শেষ নেই। এর পেছনে রয়েছে প্রভাসের সর্বভারতীয় জনপ্রিয়তা এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার নির্মাণশৈলী। ‘বাহুবলী ২’, ‘কল্কি ২৮৯৮ এডি’ ও ‘সালার’-এর মতো সিনেমার মাধ্যমে প্রভাস বক্স অফিসে নিজের অবস্থান শক্ত করেছেন। অন্যদিকে, ‘অ্যানিম্যাল’ ও ‘কবির সিং’-এর মতো সিনেমা দিয়ে পরিচিতি পেয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
এই দুইয়ের সমন্বয়ে ‘স্পিরিট’ মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের আয় করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করলে সালমান খানের ‘টাইগার ৩’-এর ৪৪ কোটি ৫০ লাখ রুপির উদ্বোধনী আয়ের রেকর্ডও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
আসন্ন সিনেমাগুলোর অগ্রিম টিকিট বিক্রি ও সম্ভাব্য আয়ের দিকে নজর রাখছেন বাণিজ্য বিশ্লেষকেরা। তবে মুক্তির আগে করা পূর্বাভাসই শেষ কথা নয়। প্রকৃত বক্স অফিস আয় নির্ভর করবে দর্শকদের সাড়া এবং সিনেমার মুক্তি-পরবর্তী ব্যবসার ওপর। দীপাবলিতে বড় তারকাদের সিনেমা মুক্তির প্রতিযোগিতা ভারতীয় চলচ্চিত্রের বক্স অফিসের সমীকরণে নতুন আবহ তৈরি করছে।