ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

লুলা দ্য সিলভা হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৭:৫১, ২৬ অক্টোবর ২০২৬
লুলা দ্য সিলভা হাড্ডাহাড্ডি লড়াইয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট
লুলা দ্য সিলভা ।। ছবি: সংগৃহীত

অনেক জল্পনা-কল্পনার পর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ডানপন্থি প্রার্থী ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। দেশটির সরকারি নির্বাচনী কর্তৃপক্ষের ঘোষিত ফল অনুযায়ী, ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুলা। তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। খবর আল জাজিরার।

রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গণনা শেষে লুলাকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে গেলেন তিনি।

প্রথম দফার নির্বাচনে পিছিয়ে থাকার পরও দ্বিতীয় দফায় অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়েছেন লুলা। প্রথম দফায় তিনি ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন। অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো পেয়েছিলেন ৪৭ শতাংশ ভোট।

দ্বিতীয় দফায় জয় পেয়ে ব্রাজিলের ইতিহাসে নতুন নজির গড়েছেন লুলা। আধুনিক ব্রাজিলের ইতিহাসে প্রথম দফায় পিছিয়ে থেকেও দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা এটিই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নির্বাচন ঘিরে ভোটারদের ভোটকেন্দ্রে পৌঁছাতে বাধা সৃষ্টি এবং গণপরিবহন বন্ধ থাকার অভিযোগ উঠেছে। ভারী বৃষ্টিপাত ও পরিবহনসংক্রান্ত জটিলতার কারণে দেশটির সুপ্রিম কোর্ট ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর নির্দেশ দেন। এ সিদ্ধান্তের পর কিছু ভোটকেন্দ্রে বিভ্রান্তি তৈরি হয়। কয়েকটি রাজ্যে গণপরিবহন বিঘ্নিত হওয়ার ঘটনায় তদন্তও শুরু করেছে দেশটির ফেডারেল পুলিশ।

বিশ্লেষকদের মতে, নির্বাচনে জয় পেলেও লুলার সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। দেশটির রাজনীতিতে রক্ষণশীল শক্তির প্রভাব এবং আইনসভায় প্রতিকূল পরিস্থিতির কারণে তার সরকারের পক্ষে বড় ধরনের নীতিগত পরিবর্তন বাস্তবায়ন কঠিন হতে পারে। ফলে আগামী মেয়াদে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করে সরকার পরিচালনা করতে হবে তাকে।

 

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!